আফগানিস্তানে পিকনিক স্পটে বন্দুক হামলা, নিহত ১১

আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ১০:৫৬ এএম

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে একটি পিকনিক স্পটে বন্দুকধারীদের অতর্কিত হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) দেশটির হেরাত প্রদেশের একটি জনপ্রিয় বিনোদনকেন্দ্রে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

রোববার (১২ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, হেরাত প্রদেশের এনজিল জেলায় চালানো এই হামলায় প্রথমে চারজন নিহত হওয়ার খবর পাওয়া যায়। তবে পরবর্তীতে গুরুতর আহত আরও সাতজনের মৃত্যু হলে নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়ায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি জানান, এনজিল জেলার দেহ মেহরি গ্রামের কাছে মোটরসাইকেলে করে আসা ‘অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিরা’ হঠাৎ করে গুলি চালানো শুরু করে। গ্রামটি মূলত শিয়া অধ্যুষিত এবং সেখানে একটি বিখ্যাত শিয়া মাজার রয়েছে। প্রতিদিন অসংখ্য মানুষ সেখানে নামাজ ও জিয়ারতের জন্য জড়ো হন।

হেরাতে তালেবান সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান আহমাদুল্লাহ মুত্তাকি বিবিসিকে জানান, এটি একটি সন্ত্রাসী ঘটনা। সশস্ত্র ব্যক্তিরা দেহ মেহরি গ্রামে ঘুরতে যাওয়া নিরীহ স্থানীয় বাসিন্দাদের ওপর সরাসরি গুলি চালায়।

হেরাতের স্থানীয় এক চিকিৎসক নিশ্চিত করেছেন, নিহতরা সবাই শিয়া মুসলিম ছিলেন এবং তারা স্থানীয় ওই মাজারে পিকনিক করতে গিয়েছিলেন। আফগানিস্তানে শিয়া মুসলিমরা সংখ্যালঘু এবং অতীতেও তারা বহুবার চরমপন্থি গোষ্ঠীগুলোর হামলার শিকার হয়েছেন।

এখন পর্যন্ত কোনো জঙ্গি গোষ্ঠী বা সংগঠন এই বর্বরোচিত হামলার দায় স্বীকার করেনি। স্থানীয় প্রশাসন ও তালেবান সরকার ঘটনার তদন্ত শুরু করেছে।

FJ
আরও পড়ুন