বিশ্ব বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ ‘হরমুজ প্রণালি’ সচল করতে ইরানের পেতে রাখা মাইন সরাতে এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছে সামরিক জোট ন্যাটো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, প্রণালিটি পরিষ্কার করতে ন্যাটো এবং যুক্তরাজ্যসহ বেশ কিছু দেশ মাইন অপসারণকারী জাহাজ (মাইনসুইপার) পাঠানোর আশ্বাস দিয়েছে।
বিশ্বের গুরুত্বপূর্ণ এই নৌপথ অবরোধের হুঁশিয়ারি দেওয়ার পরপরই ফক্স নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে এই তথ্য জানান তিনি।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আগে আমি ন্যাটোর ওপর বেশ বিরক্ত ছিলাম। কিন্তু এখন তারা হরমুজ প্রণালি থেকে মাইন পরিষ্কারে সহায়তা করতে এগিয়ে এসেছে। এটি একটি ইতিবাচক দিক। আমরা খুব দ্রুত এই নৌপথটি পরিষ্কার করব এবং এটি পুনরায় জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত হবে।’
ট্রাম্প আরও যোগ করেন, ‘যুক্তরাষ্ট্রের পাশাপাশি যুক্তরাজ্য এবং ন্যাটোভুক্ত আরও কয়েকটি দেশ তাদের বিশেষায়িত মাইনসুইপার জাহাজ মোতায়েন করছে। আমাদের লক্ষ্য হলো বিশ্ব বাণিজ্যের এই লাইফলাইনকে দ্রুত শত্রুমুক্ত করা।’
এদিকে, হরমুজ প্রণালিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর পেতে রাখা মাইনগুলো ধ্বংস করতে ইতোমধ্যেই বড় ধরনের অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড (CENTCOM)। পেন্টাগনের এই বিশেষ অভিযানে অংশ নিতে দুটি শক্তিশালী রণতরি ‘ইউএসএস ফ্র্যাঙ্ক পিটারসন’ এবং ‘ইউএসএস মাইকেল মারফি’ ইতোমধ্যেই হরমুজের অভিমুখে রওনা দিয়েছে।
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাবে ইরান হরমুজ প্রণালিতে ব্যাপক মাইন স্থাপন করেছে বলে দাবি ওয়াশিংটনের। প্রতিদিন বিশ্বের ২০ শতাংশ তেল সরবরাহ হয় এই সরু পথ দিয়ে। মাইন আতঙ্কে গত কয়েক সপ্তাহ ধরে এই রুটে জাহাজ চলাচল স্থবির হয়ে পড়েছে, যার ফলে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হয়ে উঠেছে।
হরমুজ প্রণালি ইরানের নিয়ন্ত্রণে, ড্রোন নজরদারির ভিডিও প্রকাশ
হরমুজ প্রণালি অবরোধে আমেরিকাকে সমর্থন দেবে না যুক্তরাজ্য
