পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হরিপুরে এক ভয়াবহ গ্যাস পাইপলাইন বিস্ফোরণে একই পরিবারের আটজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) হাট্টার ইন্ডাস্ট্রিয়াল এস্টেট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সামা টিভির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, হারিপুরে ‘সুই নর্দার্ন গ্যাস পাইপলাইনস লিমিটেড’ পরিচালিত একটি প্রধান পাইপলাইনে গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণের সূত্রপাত হয়। বিস্ফোরণের পর আগুন দ্রুত পাশের একটি বস্তি এলাকায় ছড়িয়ে পড়লে বেশ কিছু ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায় এবং বাসিন্দারা ভেতরে আটকা পড়েন।
ডেপুটি কমিশনার ওয়াসিম আহমেদের দেওয়া তথ্য অনুযায়ী, এ ঘটনায় নিহত আটজনই একই পরিবারের সদস্য। নিহতদের মধ্যে তিন শিশু, দুই কিশোরী, দুই বৃদ্ধা নারী এবং একজন পুরুষ রয়েছেন। এছাড়া এ ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
উদ্ধারকারী সংস্থা ‘রেসকিউ ১১২২’-এর নেতৃত্বে অ্যাবোটাবাদ, মানসেহরা, সোয়াবি, মারদান এবং ট্যাক্সিলাসহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকর্মীরা ছয়জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আর কেউ আটকা নেই।
দমকলকর্মীরা জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে মূল গ্যাস পাইপলাইনের ভালভ দ্রুত বন্ধ করা হলেও লাইনে গ্যাস সরবরাহ ও উচ্চচাপ থাকার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় দুই ঘণ্টা সময় লাগে। ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার কার্যক্রম তদারকি করেন ডিপিও শফিউল্লাহ গুন্ড এবং সহকারী কমিশনার ফাসিহ ইশাক আব্বাসি। সূত্র: সামা টিভি
ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব
ইরানি বন্দর অবরুদ্ধে ১০ হাজার সেনা ও ১২টি যুদ্ধজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের