প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ‘ইরানের কাছে থাকা উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সরিয়ে নেওয়ার প্রক্রিয়ায় মার্কিন কোনো সৈন্য মোতায়েন করা হবে না।’
সিবিএস নিউজকে দেওয়া এক বিশেষ টেলিফোন সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেন তিনি।
সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল যে, যুক্তরাষ্ট্র কোন প্রক্রিয়ায় বা কাদের মাধ্যমে এই তেজস্ক্রিয় মজুদগুলো উদ্ধার করবে। জবাবে তিনি বিস্তারিত কোনো পরিচয় না দিয়ে শুধু বলেন, ‘আমাদের লোকজন এটি করবে।’
চুক্তির মাধ্যমে সমাধান
ট্রাম্পের মতে, ইউরেনিয়াম সংগ্রহের এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে একটি সমঝোতার ভিত্তিতে।
তিনি বলেন,‘না, কোনো সৈন্যদল পাঠানো হবে না। আমরা সেখানে যাব এবং তাদের (ইরানি কর্তৃপক্ষ) সঙ্গে মিলে এটি সংগ্রহ করে নিয়ে আসব। ততদিনে আমাদের মধ্যে একটি সুনির্দিষ্ট চুক্তি হয়ে যাবে।’
লড়াইয়ের প্রয়োজন নেই
শক্তিপ্রয়োগের চেয়ে কূটনৈতিক সমাধানকেই বর্তমান পরিস্থিতিতে শ্রেয় মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট।
তিনি আরও বলেন, ‘যখন একটি চুক্তি কার্যকর থাকে, তখন সেখানে লড়াই করার কোনো প্রয়োজন নেই। এটিই সবচেয়ে ভালো পদ্ধতি। তবে যদি পরিস্থিতি বাধ্য করত, তবে আমরা অন্য পথ অবলম্বন করতাম।’
বিশ্লেষকরা মনে করছেন, ‘ট্রাম্পের এই মন্তব্য ইরানের সাথে পরমাণু ইস্যুতে একটি সম্ভাব্য নতুন চুক্তির ইঙ্গিত দিচ্ছে, যেখানে সরাসরি সামরিক হস্তক্ষেপের পরিবর্তে সহযোগিতার মাধ্যমে নিরস্ত্রীকরণকে প্রাধান্য দেওয়া হবে।’
হরমুজ প্রণালি পার হতে আইআরজিসির অনুমতি লাগবে