ইরান-যুক্তরাষ্ট্র দীর্ঘস্থায়ী শান্তিচুক্তি নিশ্চিতে মরিয়া পাকিস্তান

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০৪:০৩ এএম

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাদের সুসম্পর্ককে কাজে লাগিয়ে একটি দীর্ঘস্থায়ী ও টেকসই সমঝোতা নিশ্চিত করার চেষ্টা করছেন। চুক্তি নিশ্চিত করতে দুপক্ষের মধ্যে চেষ্টা চালাচ্ছে ইসলামাবাদ।

শাহবাজ শরিফ ও আসিম মুনিরের অনুরোধেই মার্কিন প্রেসিডেন্ট শুধু যুদ্ধবিরতির মেয়াদই বাড়াননি, বরং একে অনির্দিষ্টকালের জন্য কার্যকর রাখার সিদ্ধান্ত নিয়েছেন। মূলত কূটনীতির জন্য বাড়তি সময় দিতেই এই  পদক্ষেপ নেওয়া হয়েছে।

যুদ্ধবিরতি শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে শেষ চেষ্টা হিসেবে নয়, বরং শুরু থেকেই তারা পরস্পরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছেন। এই যোগাযোগ এখনো অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ইরানি রাষ্ট্রদূতের একটি বৈঠক হয়েছে এবং তাদের আলোচনা এখনো চলছে। মূলত পাকিস্তান দুই পক্ষের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। 

তারা যুক্তরাষ্ট্রের দেওয়া একটি রূপরেখা ইরানকে পৌঁছে দিচ্ছে এবং একটি দীর্ঘস্থায়ী চুক্তিতে পৌঁছানোর লক্ষ্য নিয়ে কাজ করছে।

ট্রাম্প সময়সীমা বাড়িয়ে পুরোপুরি দরজা বন্ধ না করে খোলা রেখেছেন। এখন অনেকটাই নির্ভর করছে ইরানের উপর। তারা যদি সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হন, তাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সূত্র: আল জাজিরা

HN
আরও পড়ুন