রাজনীতি ছাড়ার ঘোষণা ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর

আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ পিএম

রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি জানিয়েছেন, ২০২৭ সালে প্রেসিডেন্ট হিসেবে তার দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার পর তিনি আর সক্রিয় রাজনীতিতে ফিরবেন না। এলিসি প্রাসাদ ছাড়ার পর নতুন কোনো রাজনৈতিক ভূমিকায় নিজেকে দেখার ইচ্ছা তার নেই বলেও তিনি স্পষ্ট করেছেন।

বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, গ্রিক সাইপ্রাস সফরে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় ম্যাক্রোঁ বলেন, ‘প্রেসিডেন্ট হওয়ার আগে আমি প্রথাগত রাজনীতিতে ছিলাম না, আর দায়িত্ব ছাড়ার পরেও আমি আর রাজনীতিতে থাকব না।’ 

ফরাসি সংবিধান অনুযায়ী একজন ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদে প্রেসিডেন্ট থাকতে পারেন। সেই নিয়ম অনুযায়ী ২০২৭ সালেই ম্যাক্রোঁর মেয়াদ শেষ হচ্ছে।

৯ বছর ধরে ফ্রান্সের শাসনভার সামলানো এই নেতা তার প্রেসিডেন্সির শেষ সময়ের চ্যালেঞ্জ নিয়েও খোলামেলা কথা বলেছেন। ম্যাক্রোঁ বলেন,‘দীর্ঘ ৯ বছর পর সবচেয়ে কঠিন কাজ হলো- যেসব কাজ আমি সফলভাবে করেছি সেগুলো ধরে রাখা। একই সাথে কখনো কখনো এমন সব সিদ্ধান্তের মুখোমুখি হতে হয় যেগুলো হয়তো আগে ঠিকভাবে করা হয়নি। অর্জন এবং অসম্পূর্ণ সংস্কারের মধ্যে ভারসাম্য বজায় রাখাই এখন আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’

ইউরোপীয় কাউন্সিলের একটি অনানুষ্ঠানিক বৈঠকে যোগ দিতে বর্তমানে সাইপ্রাসের নিকোসিয়ায় অবস্থান করছেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। চলতি বছরের প্রথম ছয় মাস (জানুয়ারি-জুন) ইউরোপীয় কাউন্সিলের সভাপতির দায়িত্ব পালন করছে সাইপ্রাস। সেখানেই এক ফাঁকে শিক্ষার্থীদের সঙ্গে তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন তিনি। তার এই আকস্মিক ঘোষণা ইউরোপীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

FJ
আরও পড়ুন
সর্বশেষপঠিত