ভোটারদের আকৃষ্ট করতে পোশাককেও কৌশল হিসেবে নিচ্ছেন মার্কিন রাজনীতিকরা

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পিএম

কাউকে দেখাতে চান নেতৃত্বের কর্তৃত্ব, আবার কারও লক্ষ্য সাধারণ মানুষের একজন হিসেবে নিজেকে তুলে ধরা—যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রচারের নতুন হাতিয়ার হয়ে উঠেছে প্রার্থীদের ব্যক্তিগত ফ্যাশন।

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে মধ্যবর্তী নির্বাচন। কয়েক মাসের প্রচার-প্রচারণায় গুরুত্বপূর্ণ নীতিগত ইস্যুতে ভোটারদের কাছে নিজেদের গ্রহণযোগ্য করে তোলার চেষ্টা করেছেন রাজনৈতিক নেতারা। তবে নির্বাচনী কৌশলে সামাজিক যোগাযোগমাধ্যমের ভূমিকা বাড়ার পাশাপাশি প্রতিদ্বন্দ্বীদের ভিড়ে আলাদা করে নজর কাড়তে প্রার্থীরা এখন নিজেদের পোশাক-পরিচ্ছদ ও ব্যক্তিগত স্টাইলের দিকেও বিশেষ গুরুত্ব দিচ্ছেন।

অতীতে রাজনীতিকদের পোশাকের ক্ষেত্রে যে কঠোর আনুষ্ঠানিকতা দেখা যেত, এখন সেই ধারা অনেকটাই বদলে গেছে। বর্তমান সময়ে রাজনীতিকদের পোশাক নির্বাচনে দুটি কৌশলগত উদ্দেশ্য কাজ করছে। প্রথমত, দায়িত্ব পালনের উপযুক্ত কর্তৃত্বপূর্ণ ব্যক্তিত্ব তুলে ধরা। দ্বিতীয়ত, ভোটারদের বোঝানো যে তাঁরা সাধারণ মানুষেরই একজন এবং তাঁদের জীবনযাপন ও বাস্তবতার সঙ্গে সম্পৃক্ত।

এবারের নির্বাচনী প্রচারে বিশেষভাবে আলোচনায় এসেছেন ওয়াশিংটনের তৃতীয় কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের ডেমোক্র্যাট প্রতিনিধি মারি গ্লুসেনক্যাম্প পেরেজ। ২০২২ সালে রিপাবলিকানদের দখলে থাকা আসনে জয়ী হওয়া পেরেজ এবার পুনর্নির্বাচনের লড়াইয়ে নেমেছেন। তিনি ক্ষুদ্র ব্যবসা ও কর্মজীবী পরিবারগুলোর স্বার্থে কাজ করার কথা বলছেন।

আগে গাড়ি মেরামতের দোকানের মালিক ছিলেন পেরেজ। প্রচারে তাঁকে প্রায়ই কাজের উপযোগী জ্যাকেট, ফ্লানেল শার্ট, জিনস ও আরামদায়ক জুতা পরতে দেখা যায়। তাঁর এই সাধারণ ও ব্যবহারিক পোশাক স্থানীয় ভোটারদের সঙ্গে সংযোগ তৈরিতে সহায়ক হচ্ছে বলে মনে করা হচ্ছে।

রক্ষণশীল জননীতি উপদেষ্টা এবং ক্যাপিটল হিল ক্লোথিয়ার্সের সাবেক মালিক রবার্ট অর্ডওয়ে বিবিসিকে বলেছেন, স্বাভাবিক ও খাঁটি ব্যক্তিত্ব তুলে ধরার ক্ষেত্রে পেরেজের পোশাকের ধরন অত্যন্ত যথাযথ।

অর্ডওয়ের ভাষায়, পেরেজের পোশাক প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিমাঞ্চলের পরিবেশ ও জীবনযাত্রার সঙ্গেও মানানসই। ওই অঞ্চলে বনভূমি, গাছপালা এবং বাইরের পরিবেশকেন্দ্রিক জীবনধারার প্রভাব রয়েছে।

অন্যদিকে টেক্সাসে রিপাবলিকান নেতা কেন প্যাক্সটন (৬৩) ডোনাল্ড ট্রাম্পের সমর্থন নিয়ে জেমস টালারিকোর বিরুদ্ধে লড়ছেন। প্রচারে তাঁকে দেখা যাচ্ছে অপেক্ষাকৃত অনানুষ্ঠানিক ব্লেজার ও কাউবয় টুপি পরতে।

অর্ডওয়ের মতে, নির্বাচনী প্রচারে দুই দলের রাজনীতিকদের মধ্যেই নেকটাইয়ের ব্যবহার কমে এসেছে। তরুণ প্রার্থীরা নিজেদের গুরুত্ব ও গাম্ভীর্য তুলে ধরতে তুলনামূলক আনুষ্ঠানিক পোশাক বেছে নিচ্ছেন। অন্যদিকে প্রবীণ রাজনীতিকেরা সাধারণ মানুষের একজন হিসেবে নিজেকে উপস্থাপন করতে পোশাকে আনুষ্ঠানিকতা কমাচ্ছেন।

মিশিগানে ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সায়েদ সাবেক কংগ্রেস সদস্য ও ট্রাম্প-সমর্থিত মাইক রজার্সের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী সমাবেশের বাইরেও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর পোশাক নজর কেড়েছে। প্রচারজুড়ে কালো ভি-নেক টি-শার্ট ও নীল জিনস পরছেন তিনি। নিজের এই পোশাকের ধরনকে তিনি বলছেন, ‘মিনিমাল লুক, ম্যাক্সিমাল পলিটিকস’—অর্থাৎ পোশাকে ন্যূনতম আয়োজন, রাজনীতিতে সর্বোচ্চ গুরুত্ব।

ফ্যাশন সমালোচক ফ্রিডম্যানের মতে, বারবার পোশাকের ধরন বদলানো রাজনীতিকদের ব্যক্তিগত ব্র্যান্ডের জন্য ক্ষতিকর হতে পারে। বরং একই ধরনের পোশাক নিয়মিত ব্যবহার করলে জাতীয় পর্যায়ে তাঁদের সহজে চিনতে পারেন ভোটাররা।

ফ্রিডম্যানের মতে, এই কৌশলের সবচেয়ে পরিচিত উদাহরণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর পাওয়ার স্যুট ও লাল টাই এখন একটি স্বতন্ত্র রাজনৈতিক পরিচয়ের অংশ হয়ে উঠেছে। ট্রাম্পের মন্ত্রিসভার সদস্য এবং অনেক সিনেটরকেও একই ধরনের পোশাকে দেখা যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের ভোটাররা মধ্যবর্তী নির্বাচনে ভোট দেবেন। এই নির্বাচনের ফল নির্ধারণ করবে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে, নাকি তাঁর মেয়াদের শেষ দুই বছর ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতার মুখোমুখি হতে হবে।

বর্তমানে সিনেটে রিপাবলিকানদের আসন ৫৩টি, ডেমোক্র্যাটদের ৪৭টি। সিনেটের নিয়ন্ত্রণ পেতে ডেমোক্র্যাটদের অন্তত চারটি আসনের নিট ব্যবধান অর্জন করতে হবে। কারণ, দুই দলের আসনসংখ্যা ৫০-৫০ হলেও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের টাই-ব্রেকিং ভোটে রিপাবলিকানরাই নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবেন।

প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনেই এবার নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমানে সেখানে ২১৮ জন রিপাবলিকান, রিপাবলিকানদের সঙ্গে অবস্থান নেওয়া একজন স্বতন্ত্র সদস্য, ২১৪ জন ডেমোক্র্যাট এবং দুটি শূন্য আসন রয়েছে।

প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য নতুন অধিবেশনে ডেমোক্র্যাটদের অন্তত ২১৮টি আসন নিশ্চিত করতে হবে।

এএইচএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত