ভারতকে ‘নোংরা জায়গা’ (Filthy place) হিসেবে অভিহিত করে নজিরবিহীন সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই বর্ণবৈষম্যমূলক মন্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সঙ্গে এ ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য কোনোভাবেই মানানসই নয়।
গত বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প মার্কিন অভিবাসন নীতি নিয়ে কথা বলতে গিয়ে ভারত ও চীনকে আক্রমণ করেন। তিনি লেখেন, ‘যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া কোনো শিশু এখানে তাৎক্ষণিকভাবে নাগরিক হয়ে যায়। এরপর তারা চীন ও ভারতসহ অন্যান্য ‘নোংরা জায়গা’ থেকে তাদের পুরো পরিবারকে এখানে নিয়ে আসে।’ মূলত ‘চেইন মাইগ্রেশন’ বা পারিবারিক অভিবাসনের বিরোধিতা করতে গিয়েই তিনি দেশ দুটিকে এমন কুরুচিপূর্ণ বিশেষণে ভূষিত করেন।
ট্রাম্পের এই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই মুখ খোলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেন,‘ট্রাম্পের এই মন্তব্যগুলো স্পষ্টতই তথ্যহীন, অনুপযুক্ত এবং কুরুচিপূর্ণ। এগুলো কোনোভাবেই ভারত-মার্কিন সম্পর্কের প্রকৃত চিত্র প্রতিফলিত করে না। আমাদের মধ্যকার সম্পর্ক দীর্ঘকাল ধরে পারস্পরিক শ্রদ্ধা এবং অভিন্ন স্বার্থের ওপর ভিত্তি করে টিকে আছে।’
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই আক্রমণাত্মক অবস্থানের পেছনে রয়েছে গত বছরের রাজনৈতিক প্রেক্ষাপট। ২০২৫ সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে ঘটা চার দিনের যুদ্ধ থামানোর ক্ষেত্রে ট্রাম্প মধ্যস্থতা করেছিলেন। কিন্তু ভারত সরকার তার এই অবদানকে সরাসরি স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানায়। এরপর থেকেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কের অবনতি ঘটে।
মোদির সঙ্গে তিক্ততা বাড়লেও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক বর্তমানে বেশ ঘনিষ্ঠ। এমনকি ট্রাম্প ব্যক্তিগতভাবে পাকিস্তানি সেনাপ্রধানকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানিয়েছেন। এই ভূ-রাজনৈতিক মেরুকরণের মাঝেই ভারতকে লক্ষ্য করে ট্রাম্পের এমন কঠোর মন্তব্য দুই দেশের ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্কে বড় ধরনের ফাটল ধরাতে পারে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: এএফপি
ভারতীয় ও চীনারা শুধু সন্তান জন্ম দিতেই আমেরিকায় আসে: ট্রাম্প
ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
আমি যাই করছি সব খুব ভালমতো হচ্ছে: ট্রাম্প