লেবানন ভূখণ্ডে ইসরায়েলের নির্বিচার হামলায় প্রাণহানির সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে।
চলতি বছরের ২ মার্চ থেকে শুরু হওয়া এই আগ্রাসনে এখন পর্যন্ত ২ হাজার ৫২১ জন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) এই তথ্য নিশ্চিত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরেছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্যানুযায়ী, গত কয়েক মাসের এই ভয়াবহ সংঘাতের ফলে নিহতের পাশাপাশি আহত হয়েছেন অন্তত ৭ হাজার ৮০৪ জন। হতাহতদের একটি বড় অংশই বেসামরিক নাগরিক বলে জানা গেছে।
বর্তমানে ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকলেও তা ক্রমেই অকার্যকর হয়ে পড়ছে। অভিযোগ উঠেছে, যুদ্ধবিরতি চলাকালীনও ইসরায়েলি বাহিনী তাদের আক্রমণ পুরোপুরি বন্ধ করেনি। এনএনএ-এর তথ্যমতে, গত দুই দিনে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে চালানো ইসরায়েলি হামলায় লেবাননে আরও অন্তত ২২ জন নিহত হয়েছেন।
এই ধারাবাহিক হামলা ও প্রাণহানির ফলে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধবিরতি চুক্তিটি এখন খাদের কিনারায় দাঁড়িয়ে আছে, যা যেকোনো সময় বড় ধরনের আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে।
