আগামী ৭ দিন কালবৈশাখী ও বজ্রসহ ভারী বৃষ্টির শঙ্কা

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ০৯:১৮ পিএম

টানা কয়েক দিনের দাবদাহ কাটিয়ে স্বস্তির বৃষ্টির দেখা মিললেও এবার চোখ রাঙাচ্ছে প্রকৃতি। আগামী সাত দিন দেশের বড় একটি অংশজুড়ে তীব্র কালবৈশাখী ঝড়, বজ্রপাত এবং ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে মঙ্গলবার সকালের মধ্যে কয়েকটি জেলায় তীব্র বজ্রপাতের ঝুঁকি রয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় দেশের বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা বিডব্লিউওটি (BWOT) এক বিশেষ বুলেটিনে এই আশঙ্কার কথা জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টার মধ্যে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি ও রাঙামাটিসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে কয়েক দফা তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর বিভাগেও বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ৪ মে রাত ১২টার মধ্যে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে কালবৈশাখীর তাণ্ডব চলতে পারে। এর মধ্যে সিলেট, সুনামগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, ঢাকা, নারায়ণগঞ্জ ও ভোলার মতো জেলাগুলোতে এক-দুই দিন বিরতি দিয়ে নিয়মিত মাঝারি থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

একই সময়ে ভারতের আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যে অতিভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীগুলোতে পানি বৃদ্ধি পেতে পারে। সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জের নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।

কালবৈশাখীর সময় এবং ঘন ঘন বিদ্যুৎ চমকালে সাধারণ মানুষকে খোলা জায়গা, জলাশয় ও গাছপালা থেকে দূরে থেকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

FJ
আরও পড়ুন
সর্বশেষপঠিত