আমিরাতের ওপেক ছাড়ার সিদ্ধান্তকে 'চমৎকার' বললেন ট্রাম্প

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ এএম

সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা 'ওপেক' ত্যাগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি এই পদক্ষেপকে ‘চমৎকার’ হিসেবে আখ্যায়িত করেছেন এবং এর ফলে বিশ্ববাজারে তেলের দাম কমবে বলে আশা প্রকাশ করেছেন। বুধবার (২৯ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই প্রতিক্রিয়া জানান।

প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন, ইরান এবং ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে জ্বালানি বাজারে বর্তমানে যে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে, আমিরাতের এই সিদ্ধান্তের ফলে তা অনেকটাই প্রশমিত হতে পারে।

ওপেকের উৎপাদন সীমার বাইরে গিয়ে আমিরাত স্বতন্ত্রভাবে তেল সরবরাহ করলে বাজারে জ্বালানি তেল ও পেট্রোলের (গ্যাসোলিন) দাম উল্লেখযোগ্য হারে কমে আসবে বলেও জানান তিনি।

ওভাল অফিস থেকে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, আমি মনে করি, শেষ পর্যন্ত এটি পেট্রোল ও তেলের দাম কমানোর জন্য ভালো একটি উদ্যোগ হবে। সবকিছুই এর মাধ্যমে সস্তায় পাওয়া সম্ভব হবে।

বিশ্লেষকদের মতে, আমিরাতের ওপেক ত্যাগের ফলে জোটটির একাধিপত্য দুর্বল হবে, যা আমেরিকার অভ্যন্তরীণ বাজারে জ্বালানির দাম নিয়ন্ত্রণে ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় রাজনৈতিক বিজয় হিসেবে দেখা দিচ্ছে। বিশেষ করে মধ্যবর্তী নির্বাচনের আগে পেট্রোলের দাম কমানো ট্রাম্পের জন্য বড় চ্যালেঞ্জ ছিল।

YA
আরও পড়ুন