যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান সাময়িক যুদ্ধবিরতির সুযোগ নিয়ে ইরান তাদের মাটির নিচে লুকানো এবং সাম্প্রতিক বিমান হামলায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ক্ষেপণাস্ত্রসহ অন্যান্য সামরিক সরঞ্জাম উদ্ধারে ব্যাপক তৎপরতা শুরু করেছে।
শুক্রবার (১ মে) মার্কিন সংবাদমাধ্যম এনবিসি এবং আল-জাজিরার প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে।
মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক দিনে তেহরান তাদের এই উদ্ধার অভিযান বহুগুণ বাড়িয়েছে। মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমান হামলায় যেসব মিসাইল ও ড্রোন বাঙ্কার বা ভবনের নিচে চাপা পড়েছিল, সেগুলো দ্রুত খুঁড়ে বের করে পুনরায় ব্যবহারের উপযোগী করা হচ্ছে। ওয়াশিংটনের আশঙ্কা, ট্রাম্প প্রশাসন যদি আবারও সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নেয়, তবে মধ্যপ্রাচ্যজুড়ে একযোগে পাল্টা হামলা চালানোর সক্ষমতা ধরে রাখতেই ইরান এই সময়টিকে কাজে লাগাচ্ছে।
এদিকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে হোয়াইট হাউসে নিজের জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে জরুরি বৈঠকে বসার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। জানা গেছে, দুই শীর্ষ সামরিক কমান্ডার ইতোমধ্যে ট্রাম্পকে যুদ্ধের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন। বৈঠকটিতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ উন্মুক্ত করা এবং ইরানের পারমাণবিক সক্ষমতা স্থায়ীভাবে নিষ্ক্রিয় করার মতো কঠোর পদক্ষেপগুলো নিয়ে আলোচনা হতে পারে।
প্রেসিডেন্ট ট্রাম্পও ইঙ্গিত দিয়েছেন যে, লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ইরানের বিরুদ্ধে স্থগিত হওয়া সামরিক অভিযান যেকোনো মুহূর্তে আবারও শুরু হতে পারে।সূত্র: আলজাজিরা
মার্কিনিদের পরাজয় হয়েছে, হরমুজ চলবে আমাদের নিয়মে: মোজতবা খামেনি