ইউরোপীয় গাড়ির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের

আপডেট : ০২ মে ২০২৬, ০১:১৬ পিএম

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে আমদানিকৃত গাড়ি ও ট্রাকের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে।

শনিবার (২ মে) ইউরো নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধের প্রভাবে চাপের মুখে থাকা বিশ্ব অর্থনীতিতে ট্রাম্পের এই পদক্ষেপ নতুন করে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে।

গত বছরের জুলাই মাসে ট্রাম্প এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন ‘টার্নবারি এগ্রিমেন্ট’ নামে একটি বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছিলেন। ওই চুক্তিতে ইউরোপের বেশিরভাগ পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছিল।

তবে ট্রাম্পের অভিযোগ, ইইউ এই চুক্তিটি যথাযথভাবে পালন করছে না। অন্যদিকে ইউরোপীয় কমিশন এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তারা প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে এবং নিয়মিত যুক্তরাষ্ট্রকে সব তথ্য অবহিত করছে।

এদিকে জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্য-এর সঙ্গে সাম্প্রতিক উত্তেজনা এবং ইরান যুদ্ধ ইস্যুতে ইউরোপের দেশগুলোর সঙ্গে মতবিরোধের মধ্যেই ট্রাম্প এই কঠোর ঘোষণা দিলেন। বিশেষ করে স্পেন ও ইতালির ভূমিকা নিয়ে তিনি কড়া সমালোচনা করেছেন। এই শুল্কারোপের ফলে জার্মানি সবচেয়ে বেশি আর্থিক ক্ষতির মুখে পড়বে বলে ধারণা করা হচ্ছে, কারণ ইউরোপের গাড়ি রপ্তানির বড় অংশই আসে জার্মানি থেকে।

ইউরোপীয় পার্লামেন্টের প্রভাবশালী সদস্য বেনার্ড লেঞ্জ ট্রাম্পের এই সিদ্ধান্তকে “অবিশ্বস্ততার প্রমাণ” হিসেবে অভিহিত করেছেন এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি চুক্তি ভঙ্গের অভিযোগ এনেছেন। এদিকে, মার্কিন সুপ্রিম কোর্টের আগের একটি রায় অনুযায়ী শুল্ক আরোপের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের ক্ষমতা আইনগতভাবে সীমিত, যা এই সিদ্ধান্তের ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলেছে।

YA
আরও পড়ুন
সর্বশেষপঠিত