জার্মানির পূর্বাঞ্চলীয় শহর লাইপজিগে (Leipzig) এক ভয়াবহ পথদুর্ঘটনায় অন্তত দুইজন নিহত হয়েছেন। শহরের একটি জনাকীর্ণ এলাকায় দ্রুতগতির একটি গাড়ি পথচারীদের ওপর উঠে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। এতে আরও অন্তত ২২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার (৩০ মার্চ) স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে লাইপজিগের কেন্দ্রীয় এলাকায় এই ঘটনা ঘটে।
লাইপজিগ পুলিশ জানায়, একটি দ্রুতগতির গাড়ি হঠাৎ করে অগাস্টুসপ্লাৎজ এলাকা থেকে গ্রিমাইশে স্ট্রাসে সড়কে ঢুকে পড়ে। সেখানে থাকা পথচারীদের চাপা দিয়ে গাড়িটি সামনে এগিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দৃশ্যটি ছিল অত্যন্ত ভয়াবহ; গাড়িটি কোনো কিছু না মেনেই সরাসরি জনতার ভিড়ে ঢুকে পড়ে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে।
শহরের মেয়র বুর্খার্ড জুং জানিয়েছেন, এ ঘটনায় সন্দেহভাজন চালককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ৩৩ বছর বয়সী একজন জার্মান নাগরিক।
স্যাক্সনি অঙ্গরাজ্যের প্রধান মিখায়েল ক্রেটশমার জানিয়েছেন, আটক ব্যক্তির মানসিক অসুস্থতার ইতিহাস রয়েছে। পুলিশ ও প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, প্রাথমিক তদন্তে এর পেছনে কোনো ধর্মীয় বা রাজনৈতিক উদ্দেশ্য খুঁজে পাওয়া যায়নি।
লাইপজিগের ফায়ার সার্ভিসের প্রধান অ্যাক্সেল শুহ জানিয়েছেন, আহত ২২ জনের মধ্যে ২ জনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। অন্যদিকে প্রসিকিউটর কার্যালয় নিশ্চিত করেছে যে, নিহত দুজনই জার্মান নাগরিক; যাদের মধ্যে একজন ৬৩ বছর বয়সী নারী এবং অন্যজন ৭৭ বছর বয়সী বৃদ্ধ।
পুলিশের মুখপাত্র সুসানে লুবকে জানান, বর্তমানে জননিরাপত্তার জন্য আর কোনো হুমকি নেই এবং এটিকে একজন ব্যক্তির ‘সহিংস তাণ্ডব’ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
