ইরানি হামলার মুখেও হরমুজ পার হলো দুই মার্কিন রণতরী

আপডেট : ০৫ মে ২০২৬, ০৮:৫৬ এএম

মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মধ্যেই ইরানের ব্যাপক হামলা প্রতিহত করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অতিক্রম করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুটি ধ্বংসকারী রণতরী (ডেসট্রয়ার)। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক কর্মকর্তার বরাত দিয়ে সিবিএস নিউজ এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নৌবাহিনীর ইউএসএস ট্রাক্সটন (USS Truxtun) এবং ইউএসএস ম্যাসন (USS Mason) প্রণালীটি অতিক্রম করে পারস্য উপসাগরে প্রবেশ করার সময় ইরানি বাহিনীর দিক থেকে ক্রমাগত ও তীব্র আক্রমণের মুখে পড়ে। এই অভিযানে ইরান একযোগে ছোট দ্রুতগামী বোট, মিসাইল এবং ড্রোন ব্যবহার করে মার্কিন জাহাজ দুটিকে লক্ষ্যবস্তু করে।

এই বিপজ্জনক যাত্রাপথে মার্কিন রণতরী দুটিকে সুরক্ষা দিতে আকাশপথে মোতায়েন ছিল অ্যাপাচি হেলিকপ্টার এবং অতিরিক্ত বেশ কিছু সামরিক বিমান। এই বিমানবাহিনীর সহায়তায় ইরানের বহুমুখী হামলা সফলভাবে হঠিয়ে দিয়ে জাহাজ দুটি তাদের গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়।

যদিও মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ এই খবরটি প্রকাশ করেছে, তবে আল-জাজিরা জানিয়েছে যে তারা স্বাধীনভাবে এই ঘটনার সত্যতা যাচাই করতে পারেনি। ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’ ঘোষণার পর হরমুজ প্রণালিতে এটিই প্রথম বড় ধরনের সরাসরি সংঘাতের খবর। বিশ্লেষকরা মনে করছেন, দুই মার্কিন রণতরীর ওপর এই হামলা ওই অঞ্চলে পূর্ণাঙ্গ যুদ্ধের ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে। সূত্র: আলজাজিরা

SN
আরও পড়ুন