মমতা বন্দ্যোপাধ্যায়

পদত্যাগ করব না, পারলে বরখাস্ত করুক

আপডেট : ০৭ মে ২০২৬, ০৩:২৩ এএম

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর নজিরবিহীন রাজনৈতিক সংকটের সৃষ্টি হয়েছে। নির্বাচনে পরাজিত দেখানোর পর অনিয়মের অভিযোগ এনে মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

বুধবার (৬ মার্চ) তিনি অত্যন্ত আক্রমণাত্মক মেজাজে এই নেত্রী দৃঢ় কণ্ঠে ঘোষণা করেছেন, তারা চাইলে আমাকে বরখাস্ত করতে পারে। আমি চাই দিনটি একটি ‘কালো দিন’ হিসেবে চিহ্নিত হয়ে থাকুক।

৭১ বছর বয়সী এই নেত্রী নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই নিজের অবস্থানে অনড় রয়েছেন এবং এর জন্য সরাসরি নির্বাচন কমিশনের অনিয়মের বিষয়টিকে সামনে তোলে এনেছেন।

বুধবার দলীয় বিধায়কদের সঙ্গে এক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, গত ২৯ এপ্রিল থেকে রাজ্যে যে কথিত নির্বাচন-পরবর্তী সহিংসতা চলছে, তার বিরুদ্ধে তার দল আদালতে যাবে। 

দলের মনোবল চাঙ্গা করার পাশাপাশি তিনি দলীয় নেতাদের জন্য কড়া হুঁশিয়ারিও দিয়েছেন। জনসমক্ষে দলের বিরুদ্ধে কথা বললে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য একটি শৃঙ্খলা রক্ষা কমিটি গঠন করা হয়েছে। 

এছাড়া, বিধানসভার অধিবেশন শুরুর দিনটিতে প্রতিবাদ স্বরূপ দলের সবাইকে কালো পোশাক পরার নির্দেশ দিয়েছেন তিনি। 

মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, নির্বাচন কমিশন ‘নোংরা খেলা’ খেলেছে এবং মহারাষ্ট্র, হরিয়ানা ও বিহারের মতো বাংলাতেও বিজেপি-বিরোধী জোটকে ষড়যন্ত্র করে হারানো হয়েছে।

অন্যদিকে, মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী রাজ্যে কোনো প্রকার রাজনৈতিক সহিংসতার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তার মতে, বিচ্ছিন্নভাবে ঘটা দুই-একটি ঘটনা ২০২১ সালের তুলনায় অনেক নগণ্য। 

বিজেপির এই নেতা জানিয়েছেন যে রাজ্যে কোনো গুন্ডামি বরদাস্ত করা হবে না এবং বিজেপি সরকার গঠিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: এনডিটিভি।

HN
আরও পড়ুন