পারস্য উপসাগরের হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করতে এবং আঞ্চলিক উত্তেজনা প্রশমনে পাকিস্তানকে মধ্যস্থতা প্রচেষ্টা আরও জোরদার করার আহ্বান জানিয়েছে চীন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তাঁর পাকিস্তানি সমকক্ষ মোহাম্মদ ইশাক দারের সঙ্গে এক ফোনালাপে এই আহ্বান জানান। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া বুধবার (১৩ মে) এই তথ্য নিশ্চিত করেছে।
ফোনালাপ চলাকালীন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে ইসলামাবাদের সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা সম্পর্কে ওয়াং ই-কে অবহিত করেন। একই সঙ্গে এই সংকটে চীনের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে দুই দেশের মধ্যে সমন্বয় আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সংঘাত নিরসনে এবং অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধিতে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন যে, ইসলামাবাদ এই আত্মবিশ্বাস বজায় রেখে আঞ্চলিক শান্তি পুনরুদ্ধারে কাজ চালিয়ে যাবে।
ওয়াং ই স্পষ্ট করেন যে, চীন পাকিস্তানের এই মধ্যস্থতা প্রচেষ্টায় পূর্ণ সমর্থন অব্যাহত রাখবে এবং সংকট সমাধানে বেইজিং নিজস্বভাবেও অবদান রাখবে। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহের ওপর বেইজিংয়ের ব্যাপক নির্ভরশীলতার কারণেই চীন এই অঞ্চলে স্থিতিশীলতা ফেরাতে পাকিস্তানকে অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখছে। সূত্র: আলজাজিরা
হরমুজ প্রণালীতে ‘অপমানিত’ হচ্ছে যুক্তরাষ্ট্র: গ্রেগরি পোলিং