তিন দিনের ঐতিহাসিক সফর শেষ করে বেইজিং ত্যাগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (১৫ মে) স্থানীয় সময় দুপুরে বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার সরকারি বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’ উড্ডয়ন করে।
প্রেসিডেন্ট ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে ওঠার সময় তাকে প্রাণবন্ত বিদায়ী সংবর্ধনা দেয় চীন। বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনার পাশাপাশি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা নাগরিকরা যুক্তরাষ্ট্র ও চীনের পতাকা নেড়ে তাকে বিদায় জানান। এ সময় একটি সামরিক ব্যান্ড দল বিদায়ী সুর পরিবেশন করে পরিবেশকে উৎসবমুখর করে তোলে।
এই সফরকে দুই দেশের সম্পর্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে চলমান বিভিন্ন বিরোধ ও মতপার্থক্য কমানোর লক্ষ্যেই ট্রাম্প চীনে সফর করেন। সফরের সময় তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একাধিক বৈঠক করেন।
তিন দিনের এই সফরে ট্রাম্প একটি রাষ্ট্রীয় ভোজে অংশ নেন, ঐতিহাসিক বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও একসঙ্গে চা পান ও কর্ম মধ্যাহ্নভোজ করেন। বৈঠকগুলোতে বাণিজ্য, নিরাপত্তা ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। সূত্র: আল জাজিরা
ট্রাম্প-শি বৈঠক বিশ্বে ‘প্রয়োজনীয় স্থিতিশীলতা ও নিশ্চয়তা’ বয়ে এনেছে: চীন