ট্রাম্প-শি বৈঠক বিশ্বে ‘প্রয়োজনীয় স্থিতিশীলতা ও নিশ্চয়তা’ বয়ে এনেছে: চীন

আপডেট : ১৫ মে ২০২৬, ১২:৩৩ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরকে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি ‘মাইলফলক’ হিসেবে বর্ণনা করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এই সফরের মাধ্যমে দুই দেশের শীর্ষ নেতা বেশ কিছু নতুন গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন বলে বেইজিংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শি জিনপিং ও ডোনাল্ড ট্রাম্প একটি নতুন লক্ষ্য নির্ধারণ করেছেন। আগামী তিন বছর এবং তার পরবর্তী সময়ের জন্য তারা একটি ‘কৌশলগত ও গঠনমূলক স্থিতিশীল সম্পর্ক’ গড়ে তোলার বিষয়ে একমত হয়েছেন, যা দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ককে সঠিক পথে পরিচালিত করবে।

বিবৃতিতে বলা হয়েছে, দুই প্রেসিডেন্টের মধ্যকার এই আলাপচারিতা পারস্পরিক বোঝাপড়া ও বিশ্বাসকে আরও গভীর করেছে এবং বাস্তবিক সহযোগিতার পথ প্রশস্ত করেছে। বেইজিং মনে করে, এই শীর্ষ সম্মেলন বর্তমান অস্থির বিশ্বে অত্যন্ত প্রয়োজনীয় স্থিতিশীলতা ও নিশ্চয়তা প্রদান করেছে।

আন্তর্জাতিক এবং আঞ্চলিক গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে দুই দেশ একে অপরের সাথে যোগাযোগ ও সমন্বয় আরও জোরদার করতে সম্মত হয়েছে। পাশাপাশি উভয়ের জন্য উদ্বেগের বিষয়গুলো যথাযথভাবে এবং পেশাদারিত্বের সাথে সমাধান করার প্রতিশ্রুতি দিয়েছে উভয় পক্ষ।

YA
আরও পড়ুন