জাপানের পূর্ব উপকূলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬ দশমিক ৭।
শুক্রবার (১৫ মে) স্থানীয় সময় রাত ৮টা ২২ মিনিটে এই কম্পন অনুভূত হয়। শক্তিশালী এই কম্পনের ফলে দেশটির বিভিন্ন প্রান্তে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) নিশ্চিত করেছে যে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল জাপানের মূল ভূখণ্ড হনশু দ্বীপের ইওয়াতে প্রদেশের ওফুনাতো শহর থেকে প্রায় ৪৯ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে। কম্পনটি এতটাই শক্তিশালী ছিল যে বহুতল ভবনগুলো দীর্ঘ সময় ধরে দুলতে থাকে।
ভূমিকম্পের সময় ওফুনাতোসহ আশপাশের শহরগুলোর বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক দেখা দেয়। অনেকেই ঘরবাড়ি এবং কর্মস্থল ছেড়ে দ্রুত খোলা জায়গায় বেরিয়ে আসেন। তবে শক্তিশালী এই কম্পনের পরও এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। জাপানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বর্তমানে উপদ্রুত এলাকাগুলোতে পর্যবেক্ষণ চালাচ্ছে।
জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে, শক্তিশালী এই কম্পনের ফলে এখন পর্যন্ত কোনো সুনামি সতর্কতা জারি করার প্রয়োজন পড়েনি। উপকূলীয় এলাকাগুলোতে সমুদ্রের পানির উচ্চতা স্বাভাবিক রয়েছে। তবে পরবর্তী কয়েক ঘণ্টা স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ বা অগ্নিবলয়ের ওপর অবস্থিত হওয়ায় জাপান বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি। বিশ্বের মোট শক্তিশালী ভূমিকম্পগুলোর একটি বড় অংশ এই অঞ্চলেই ঘটে থাকে। গত কয়েক মাসেও জাপানে বেশ কয়েকবার মাঝারি ও শক্তিশালী কম্পন অনুভূত হয়েছিল।