মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সতর্কাবস্থায়’ মার্কিন বাহিনী

আপডেট : ২২ মে ২০২৬, ১০:৫০ এএম

ইরানের সাথে চলমান সংঘাতের মাঝেই মধ্যপ্রাচ্যে মোতায়েন করা নিজেদের সামরিক বাহিনী ‘সর্বোচ্চ সতর্কাবস্থায়’ রয়েছে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড।

ইরান যুদ্ধের পুরো অপারেশন তদারকির দায়িত্বে থাকা সেন্ট্রাল কমান্ড নিশ্চিত করেছে যে, আরব সাগরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ স্ট্রাইক গ্রুপ এই মুহূর্তে সম্পূর্ণ যুদ্ধপ্রস্তুতি বজায় রাখছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি পোস্টে সেন্ট্রাল কমান্ড বিমানবাহী রণতরীর ডেক থেকে অত্যাধুনিক এফ-৩৫ স্টিলথ ফাইটার জেটসহ অন্যান্য মার্কিন যুদ্ধবিমান উড্ডয়নের বেশ কিছু ছবি শেয়ার করেছে।

ছবিগুলো প্রকাশ করে সেন্টককম জানিয়েছে, ইরানি বন্দরগুলোর বিরুদ্ধে আমেরিকার জারি করা কঠোর অবরোধ কার্যকর করার পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য তাদের বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর এই যুদ্ধপ্রস্তুতির বার্তাটি এমন এক সময়ে এলো যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার এই যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি চুক্তিতে পৌঁছাতে পাকিস্তান সক্রিয়ভাবে মধ্যস্থতা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তবে এই কূটনৈতিক তৎপরতার মধ্যেই গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আবারও একটি কড়া সতর্কবার্তা দিয়েছেন।

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরান যদি তাদের ইউরেনিয়ামের সমস্ত মজুত মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে হস্তান্তর না করে, তবে দেশটিকে "অত্যন্ত মারাত্মক" পরিণতির মুখোমুখি হতে হবে। সূত্র: আল জাজিরা

YA
আরও পড়ুন
সর্বশেষপঠিত