আমেরিকার সাথে সংলাপ বন্ধের বিষয়ে ইরানের পক্ষ থেকে কোনো প্রাতিষ্ঠানিক বার্তা দেওয়া হয়নি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের এমন অবস্থান নিয়ে তাঁর কোনো উদ্বেগ বা অসন্তোষ নেই উল্লেখ করে ট্রাম্প বলেন, মার্কিন প্রশাসন পরিস্থিতির ওপর নজর রাখছে এবং অপেক্ষা করতে রাজি আছে।
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া একটি সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, "আলোচনা স্থগিত করার ব্যাপারে ইরানের কাছ থেকে আমরা এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য পাইনি। তবে তারা কথা না বলার অর্থ এই নয় যে—আমরা এখনই গিয়ে তাদের ওপর ঢালাওভাবে বোমাবর্ষণ শুরু করব। আমরা আমাদের আরোপিত নিষেধাজ্ঞাগুলো কঠোরভাবে বহাল রাখব।"
এর আগে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছিল, লেবাননে ইসরায়েলের ক্রমাগত হামলার কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের বার্তা আদান-প্রদান বন্ধ করে দিয়েছে তেহরান। এ বিষয়ে এখন পর্যন্ত ইরানের সরকারি কর্মকর্তাদের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
তাসনিমের ওই প্রতিবেদনে আরও বলা হয়, ইরান ও তার মিত্ররা হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া এবং অন্যান্য রণক্ষেত্র সক্রিয় করার মতো পদক্ষেপের কথা বিবেচনা করছে।
এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জোর দিয়ে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনও চুক্তির ক্ষেত্রে লেবাননে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি একটি অপরিহার্য শর্ত।
তিনি স্পষ্ট জানিয়ে দেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতির যেকোনও একটি ফ্রন্টে লঙ্ঘন হওয়া মানে সব ফ্রন্টে লঙ্ঘন হওয়া। সূত্র: আল-জাজিরা
ইসরায়েলি বাহিনীর ওপর একদিনে হিজবুল্লাহর ৪১ হামলা