লেবাননে যুদ্ধ অবসানের লক্ষ্যে যে প্রস্তাবিত চুক্তি হিজবুল্লাহ প্রত্যাখ্যান করেছে, তা মূলত উদ্দেশ্যপ্রণোদিতভাবেই ব্যর্থ হওয়ার জন্য ডিজাইন করা হয়ে থাকতে পারে। এমনটাই মনে করছেন রোমের আমেরিকান ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আন্দ্রেয়া দেসি।
তাঁর মতে, এর উদ্দেশ্য হতে পারে লেবাননে ইসরায়েলকে আরও বেশি স্বাধীনভাবে সামরিক পদক্ষেপ নেওয়ার সুযোগ করে দেওয়া এবং একই সাথে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার পরমাণু আলোচনাকে বাধাগ্রস্ত করা।
আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আন্দ্রেয়া দেসি বলেন, হয়তো এই বিষয়ে এক ধরনের পূর্বপরিকল্পনা ছিল যে— হিজবুল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় এমন একটি চুক্তি উপস্থাপন করাই ছিল আসল লক্ষ্য।
তিনি বর্তমান পরিস্থিতির দিকে ইঙ্গিত করে বলেন, এখন আমরা এমন এক পরিস্থিতিতে রয়েছি যেখানে এই যুদ্ধবিরতি আটকে দেওয়ার জন্য সবাই হিজবুল্লাহ এবং ইরানকে দোষারোপ করছে।
আন্দ্রেয়া দেসি আরও উল্লেখ করেন, এই পরিস্থিতি দক্ষিণ লেবাননে ইসরায়েলকে আরও বেশি স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দিচ্ছে এবং এটি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনাকেও জটিল করে তুলতে পারে। আর এটি আরেকটি উদ্বেগের বিষয়, কারণ এই পরিস্থিতি পুরোপুরি ইসরায়েলি সরকারের স্বার্থের অনুকূলে যাচ্ছে।
তিনি চুক্তির ভেতরের দুর্বলতা তুলে ধরে বলেন, এই চুক্তিতে এমন কোনো শর্ত অন্তর্ভুক্ত করা হয়নি যা দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক পদক্ষেপের ওপর কোনো কঠোর সীমাবদ্ধতা আরোপ করবে, কিংবা লেবাননের প্রায় ১০ শতাংশ ভূখণ্ডে চলমান ইসরায়েলি দখদারিত্বের অবসান ঘটাবে। সূত্র: আল জাজিরা
পশ্চিম তীরে ইসরায়েলি গুলিতে ফিলিস্তিনি শিশু নিহত