চীনের দিকে তাক করে তাইওয়ানের রকেট মহড়া

আপডেট : ১১ জুন ২০২৬, ০৮:১৩ পিএম

চীনের সম্ভাব্য সামরিক আগ্রাসনের প্রেক্ষাপটে তাইওয়ান প্রথমবারের মতো সরাসরি তাইওয়ান প্রণালির দিকে রকেট নিক্ষেপ করে সামরিক মহড়া চালিয়েছে। যুক্তরাষ্ট্র সরবরাহকৃত হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (হিমার্স) ব্যবহার করে এই মহড়া পরিচালনা করা হয়।

তাইওয়ানের সেনাবাহিনী জানায়, এই মহড়ায় 'শুট অ্যান্ড স্কুট' কৌশল প্রয়োগ করা হয়, যেখানে মোবাইল লঞ্চার দ্রুত অবস্থান বদল করে অল্প সময়ের মধ্যে রকেট নিক্ষেপ করে নিরাপদ স্থানে সরে যায়। সেনাসদস্য সার্জেন্ট ওয়াং মিং-হুই বলেন, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এই প্রশিক্ষণ অব্যাহত থাকবে।

মহড়ায় ব্যবহৃত রকেটগুলো স্বল্প-পাল্লার প্র্যাকটিস রকেট ছিল, যা উপকূলের কাছাকাছি গিয়ে পানিতে পড়ে যায় বলে জানায় সেনাবাহিনী।

তাইওয়ানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত প্রতিনিধি আলেক্সান্ডার ইউই বলেন, নতুনভাবে পাওয়া হিমার্স সিস্টেমের সক্ষমতা যাচাই করতেই এই মহড়া চালানো হয়েছে। তাঁর ভাষায়, 'আমরা একটি দ্বীপ, তাই পূর্ব বা পশ্চিম দিকে গুলি ছোড়া সম্ভব, আর এই মহড়ায় পশ্চিম দিকই বেছে নেওয়া হয়েছে।'

এই মহড়াকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে চীন । বেইজিং দীর্ঘদিন ধরে তাইওয়ানকে নিজেদের অংশ হিসেবে দাবি করে আসছে এবং নিয়মিতভাবে দ্বীপটির আশপাশে সামরিক উপস্থিতি বাড়িয়ে আসছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রধান অস্ত্র সরবরাহকারী হিসেবে অবস্থান বজায় রেখেছে এবং সামরিক ভারসাম্য রক্ষায় সহায়তা অব্যাহত রেখেছে। সূত্র: সিএনএন

AS
আরও পড়ুন
সর্বশেষপঠিত