যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ১১ জন স্কাইডাইভার এবং একজন পাইলট নিহত হয়েছেন। বেটস কাউন্টির জরুরি ব্যবস্থাপনা বিভাগের একজন মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনায় বিমানের ভেতরে থাকা ১২ আরোহীর সকলেই প্রাণ হারিয়েছেন।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রবিবার বেলা আনুমানিক ১১টা ২০ মিনিটে একটি স্কাইডাইভিং কোম্পানির ভাড়া করা বিমানটি উড্ডয়ন করে। কিন্তু উড্ডয়নের পরপরই বিমানটি পর্যাপ্ত উচ্চতা লাভ করতে ব্যর্থ হয় এবং হঠাৎ বাম দিকে একটি তীব্র বাঁক নিয়ে বাটলার মেমোরিয়াল বিমানবন্দর থেকে মাত্র ২০০ গজ দূরে আছড়ে পড়ে।
এক সংবাদ সম্মেলনে বেটস কাউন্টির শেরিফ চ্যাড অ্যান্ডারসন এই ঘটনাকে একটি ‘ম্যাস ক্যাজুয়ালটি’ বা ভয়াবহ বিপর্যয় হিসেবে বর্ণনা করেছেন। শেরিফ স্পষ্ট করেন যে, বিধ্বস্ত বিমানটি কোনো বাণিজ্যিক যাত্রীবাহী উড়োজাহাজ ছিল না, বরং এটি একটি স্থানীয় বিমান ছিল যা তাদের স্থানীয় বিমানবন্দর থেকেই উড্ডয়ন করেছিল।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি ছিল একটি ‘প্যাসিফিক অ্যারোস্পেস পি৭৫০’ (Pacific Aerospace P750) মডেলের উড়োজাহাজ। বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার সময়ই এটি দুর্ঘটনার কবলে পড়ে।
এফএএ আরও জানিয়েছে, উড্ডয়নের সময় বিমানটিকে কোনো বিমান ট্রাফিক সেবা দেওয়া হচ্ছিল না। সংস্থাটির একজন মুখপাত্র ব্যাখ্যা করেছেন যে, বিমানটি যে ধরনের আকাশসীমায় উড়ছিল, সেই নিয়মানুযায়ী সেটির জন্য সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখার কোনো বাধ্যবাধকতা ছিল না।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দুর্ঘটনার ঠিক আগমুহূর্তে কোনো স্কাইডাইভার বিমান থেকে লাফিয়ে নিচে নামতে পেরেছিলেন কিনা, তা নিশ্চিত করতে উদ্ধারকারীরা পুরো এলাকায় তল্লাশি চালিয়েছেন। শেরিফ চ্যাড অ্যান্ডারসন জানান, নিহতদের পরিবারের বেশ কয়েকজন সদস্য রানওয়ের কাছাকাছি উপস্থিত ছিলেন এবং তারা নিজেদের চোখেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি প্রত্যক্ষ করেছেন।
কর্তৃপক্ষ এখন পর্যন্ত নিহতদের নাম ও পরিচয় প্রকাশ করেনি। দুর্ঘটনাটি কবলিত বাটলার শহরটি কানসাস সিটি মহানগর এলাকা থেকে প্রায় ৫০ মাইল দক্ষিণে অবস্থিত। এই বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড তদন্ত শুরু করেছে এবং এফএএ তাদের সহযোগিতা করছে। সূত্র: বিবিসি
হরমুজে আর কখনও টোল দিতে হবে না: ট্রাম্প
মার্কিন-ইরান চুক্তিতে থাকছে যেসব বিষয়
ইরানের কাছে পরমাণু অস্ত্র থাকলে ইসরায়েল ২ ঘণ্টাও টিকত না: ট্রাম্প