মার্কিন-ইরান আলোচনা এগিয়ে নিতে সুইজারল্যান্ডে বৈঠক

আপডেট : ২১ জুন ২০২৬, ০১:৩৯ এএম

যুক্তরাষ্ট্র ও ইরানের সাথে মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধে প্রাথমিক চুক্তি বাস্তবায়নে সংলাপ অব্যাহত রাখতে কয়েকটি দেশের কূটনীতিকরা বৈঠক করেছেন।
 
শনিবার (২০ জুন) সুইজারল্যান্ডের একটি অবকাশকেন্দ্রে এ বৈঠক করেছেন তারা।

সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জেনেভা থেকে এএফপি জানায়, মধ্য সুইজারল্যান্ডের লুসার্নের কাছে অবস্থিত বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে কূটনীতিকদের মধ্যে আলোচনা চলছে। তবে এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেয়া হয়নি।

এএফপিকে একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, শনিবারের আলোচনাগুলো মূলত প্রস্তুতিমূলক পর্যায়ের।

রিসোর্ট কমপ্লেক্সটিতে উচ্চপর্যায়ের বৈঠক শুক্রবার (১৯ জুন) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু তা বাতিল করা হয়।

এদিকে শনিবার লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের প্রাণঘাতী হামলার পর পুরো প্রক্রিয়াটি নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে।

সুইস গণমাধ্যম আরটিএস জানায়, আলোচনায় মার্কিন ও ইরানের কারিগরি প্রতিনিধিদল ছাড়াও মধ্যস্থতাকারী দেশ কাতার ও পাকিস্তানের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।

এক সংক্ষিপ্ত বিবৃতিতে সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাস্তবায়ন নিয়ে বুর্গেনস্টকে আলোচনা সহজতর করতে সুইজারল্যান্ড এখনো একটি নিরপেক্ষ ও নির্ভরযোগ্য পরিবেশ প্রদান করে যাচ্ছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘বর্তমানে উপস্থিত বিভিন্ন দেশের কূটনীতিকরা সংলাপ অব্যাহত রাখার লক্ষ্যে তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।’

তবে কারা উপস্থিত আছেন কিংবা আলোচনায় কী বিষয়ে কথা হচ্ছে, সে বিষয়ে আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

শনিবার লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েল প্রাণঘাতী হামলা চালায়। অপরদিকে, হিজবুল্লাহ জানিয়েছে, তাদের পাল্টা জবাব দেয়ার অধিকার রয়েছে।

এর কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্র নতুন করে যুদ্ধবিরতির ঘোষণা দেয়, যা ইরানের সাথে সদ্য হওয়া চুক্তিকে ঘিরে তৈরি হওয়া উত্তেজনা প্রশমনের চেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ সপ্তাহে একটি প্রাথমিক চুক্তিতে সই করেন, যার লক্ষ্য ছিল লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা।

কিন্তু লেবাননে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ায় বুর্গেনস্টকে শুক্রবার অনুষ্ঠিতব্য পরবর্তী বৈঠক অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।

কাতারের সার্বভৌম সম্পদ তহবিলের মালিকানাধীন প্রতিষ্ঠান কাতারা হসপিটালিটি ২০০৭ সালে বুর্গেনস্টক কমপ্লেক্সটির দায়িত্ব নেয়।

সুইস পররাষ্ট্রমন্ত্রী ইগনাসিও কাসিস শুক্রবার রাতে জানান, তিনি এর আগে রিসোর্টটিতে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সাথে বৈঠক করেছেন।

এক্সে দেয়া এক পোস্টে কাসিস বলেন, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের পরবর্তী আঞ্চলিক পরিস্থিতি নিয়ে তারা মতবিনিময় করেছেন।

HN
আরও পড়ুন