ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কুদস ফোর্সের প্রধান জেনারেল ইসমাইল কানি ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন।
যুক্তরাষ্ট্র ও ইরানের সমঝোতা চুক্তি উপেক্ষা করে লেবাননে নতুন করে সামরিক হামলা চালিয়েছে ইসরায়েল। চুক্তিতে মধ্যপ্রাচ্যের সব ফ্রন্টে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের স্পষ্ট আহ্বান থাকলেও তা কার্যকর না হওয়ায় ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সোমবার (২২ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় কুদস ফোর্স প্রধান ইসমাইল কানি ইসরায়েলকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, তারা যদি স্বেচ্ছায় দক্ষিণ লেবানন থেকে সরে না যায়, তবে ২০০০ সালের সেই লজ্জাজনক পরাজয়ের ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে। ওই বছর দীর্ঘ ২২ বছরের দখলদারিত্ব শেষে লেবানন থেকে চরম লাঞ্ছনা ও অপমান নিয়ে নিঃশর্তভাবে পিছু হটতে বাধ্য হয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী। আগ্রাসন অব্যাহত রাখলে একই পরিণতি ভোগ করতে হবে।
এদিকে, সুইজারল্যান্ডের বার্গেনস্টকে চলমান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় সাময়িক অচলাবস্থা তৈরির খবর পাওয়া গেছে। ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির একটি সূত্রের দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি হুমকির বার্তা প্রকাশ হওয়ার পর ক্ষুব্ধ ইরানি প্রতিনিধি দল আলোচনার টেবিল থেকে একপর্যায়ে সরে দাঁড়িয়েছিল। তবে মধ্যস্থতাকারী পাকিস্তান ও কাতারের কূটনৈতিক তৎপরতায় পর্দার আড়ালে বার্তা আদান-প্রদান সচল রাখা হয়।
অবশ্য ইরানের আলোচনা বর্জনের এই দাবি নাকচ করে দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষ মার্কিন কূটনীতিক। তিনি জানান, ইরানি প্রতিনিধিরা কখনোই আলোচনা ছেড়ে যাননি, বরং গভীর রাত পর্যন্ত দুই পক্ষ হরমুজ প্রণালির নিরাপত্তা, লেবানন পরিস্থিতি, তেহরানের পারমাণবিক ইস্যু এবং সই হওয়া ১৪ দফার সমঝোতা স্মারক বাস্তবায়নের খুঁটিনাটি নিয়ে অত্যন্ত গুরুত্বের সাথে আলোচনা করেছেন।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, আজ সোমবার দুই দেশের উচ্চপর্যায়ের এই মূল আলোচনা শেষ হওয়ার কথা রয়েছে। তবে চূড়ান্ত শান্তিচুক্তির রূপরেখা তৈরি করতে উভয় দেশের কারিগরি কমিটি পরবর্তী আলোচনার জন্য সুইজারল্যান্ডেই অবস্থান করবেন। সূত্র: আল জাজিরা
লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল: নেতানিয়াহু
সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে যেসব আলোচনা হলো