ইরানের শর্ত পুরোপুরি মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খোলা হবে না বলে জানিয়েছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। একই সঙ্গে এ সিদ্ধান্তের সঙ্গে ওমানের সঙ্গে চলমান আলোচনার কোনো সম্পর্ক নেই বলেও জানিয়েছে তারা।
আইআরজিসির মুখপাত্র সারদার মোহেবি বলেন, হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়টি ইরানের নির্ধারিত নির্দিষ্ট কিছু ব্যবস্থা ও শর্তের ওপর নির্ভর করছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিমের বরাতে এ তথ্য জানানো হয়েছে।
মোহেবি বলেন, ইরানের কাছে হরমুজ প্রণালি শুধু একটি অর্থনৈতিক নৌপথ নয়; এটি দেশটির ভৌগোলিক ও কৌশলগত শক্তির একটি গুরুত্বপূর্ণ উপাদান। তাই প্রণালিটি পুনরায় খোলার সিদ্ধান্তকে কেবল অর্থনৈতিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই।
আইআরজিসির এই মুখপাত্রের ভাষ্য, যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইরানের শর্তগুলো পুরোপুরি মেনে নিতে হবে এবং আঞ্চলিক আলোচনায় হস্তক্ষেপ বন্ধ করতে হবে। এসব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খোলার কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।
মোহেবি আরও বলেন, যুক্তরাষ্ট্র যখনই ইরানের শর্ত মেনে নেবে, তখনই হরমুজ প্রণালি নিশ্চিতভাবে খুলে দেওয়া হবে। তাঁর বক্তব্যে প্রণালিটি পুনরায় চালুর বিষয়ে তেহরানের অবস্থানকে সরাসরি যুক্তরাষ্ট্রের পদক্ষেপের সঙ্গে শর্তযুক্ত করা হয়েছে। সূত্র: আলজাজিরা
সাংবাদিকরা জাতীয় পরিচয় রক্ষার যোদ্ধা: গালিবাফ
'মুসলিমরা এক হলে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব'
মধ্যপ্রাচ্য থেকে বিদেশি শক্তিকে চলে যেতে হবে: ভেলায়াতি