পুনরায় শান্তি সংলাপ শুরু করতে চান পুতিন

আপডেট : ২৪ জুন ২০২৬, ০৯:৫২ এএম

ইউক্রেনের সঙ্গে ফের শান্তি আলোচনা শুরু করতে আগ্রহ প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তুরস্কের ইস্তাম্বুল এবং যুক্তরাষ্ট্রের অ্যাঙ্কোরেজ শহরে ইতিপূর্বে হওয়া আলোচনার ভিত্তিতেই নতুন দফার এই সংলাপ শুরু করা যেতে পারে বলে তিনি মনে করেন।

বুধবার (২৪ জুন) তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে জানা গেছে, মঙ্গলবার মস্কোর ক্রেমলিনে উচ্চপদস্থ কর্মকর্তাদের এক বৈঠকে পুতিন ইউক্রেনের সঙ্গে কূটনৈতিক স্থবিরতা কাটিয়ে আলোচনার ওপর জোর দেন। তিনি বলেন, ইউক্রেনের সঙ্গে ফের শান্তি সংলাপে বসতে রাশিয়া প্রস্তুত। ইস্তাম্বুল চুক্তির শর্ত, অ্যাঙ্কোরেজে আলোচিত পদ্ধতি এবং বর্তমান বাস্তব পরিস্থিতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই আলোচনা হতে পারে। তবে দুই দেশের চলমান কূটনৈতিক অচলাবস্থার সুযোগ নিয়ে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে ঘন ঘন হামলা চালাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর গত ৪ বছরে উভয় দেশ বেশ কয়েকবার শান্তি সংলাপে বসেছে। প্রথমে ২০২২ সালে বেলারুশের মিনস্ক ও ইস্তাম্বুলে এবং ২০২৪ সালেও তারা কয়েক দফা বৈঠক করেন। এরপর ২০২৫ সালের মে থেকে জুলাই মাসের মধ্যে ইস্তাম্বুলে তিন দফা বৈঠক হয়। একই বছর যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ২০ পয়েন্টের যুদ্ধাবসান চুক্তির খসড়া নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গেও বৈঠক করেন পুতিন। সর্বশেষ চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে আবুধাবি এবং জেনেভায় আরও তিন দফা আলোচনা অনুষ্ঠিত হয়।

পুতিন জানান, আগের বৈঠকগুলোতে বড় কোনো অগ্রগতি না হলেও কিছু গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেসব চুক্তির ওপর ভিত্তি করেই বর্তমান যুদ্ধাবসনে নতুন করে আলোচনা শুরু করা সম্ভব।

SN
আরও পড়ুন