ভেনেজুয়েলায় আঘাত হানা প্রলয়ঙ্কারী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা ৯২০ ছাড়িয়েছে। এই ভয়াবহ ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির মাঝে এক হৃদয়বিদারক ঘটনার কথা প্রকাশ্যে এসেছে। নিজের জীবনের বিনিময়ে একমাত্র শিশু কন্যাসন্তানকে বাঁচিয়ে গেছেন আন্দ্রেয়া নামের এক ভেনেজুয়েলান মা, যিনি দেশটির পেশাদার ফুটবলার হেক্টর বেলোর স্ত্রী।
ফুটবলার হেক্টর বেলো (যিনি কিকে নামেও পরিচিত) তাঁর ভেরিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই হৃদয়বিদারক তথ্য শেয়ার করেছেন। ভেনেজুয়েলার স্থানীয় সংবাদমাধ্যমগুলো তাঁর নিহত স্ত্রীর নাম ‘আন্দ্রেয়া’ বলে নিশ্চিত করেছে।
ভূমিকম্পের সময় ধসে পড়া ভবনের নিচে চাপা পড়ে মারা যান আন্দ্রেয়া, তবে শেষ মুহূর্তে নিজের শরীর দিয়ে আগলে রেখে বাঁচিয়ে যান তাঁদের একমাত্র শিশু কন্যাকে। ফুটবলার বেলো ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টে লিখেছেন, "আমি আমাদের মেয়েকে বড় হয়ে বলব, কীভাবে তার মূল্যবান ও প্রিয় মা নিজের জীবন দিয়ে তাকে বাঁচিয়ে গেছে। তুমি কতটা সাহসী নারী ছিলে যে নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত মেয়েকে ছেড়ে যাওনি।"
অন্য একটি পোস্টে তিনি নিজের অসহায়ত্ব প্রকাশ করে লেখেন, "আমি কীভাবে তোমার মেয়েকে বোঝাব যে তাকে বাঁচাতে গিয়ে তুমি প্রাণ হারিয়েছ, আর আমি সেখানে কিছুই করতে পারিনি? কীভাবে তা বোঝাব? ঈশ্বর আমাকে এই মুহূর্তে শক্তি দাও।"
ফুটবলার হেক্টর বেলোর আদি শহর কুমানার একটি ক্রীড়া প্রচার সংস্থা ‘কুমানা দে ক্যাম্পিওনেস’ জানিয়েছে, সপরিবারে যে বহুতল ভবনে তাঁরা থাকতেন, ভূমিকম্পে সেটি ধসে পড়লে আন্দ্রেয়া ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। পরে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তবে তাঁদের কন্যাসন্তানটি অলৌকিকভাবে বেঁচে যায়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘ইউনিভিশন’-ও এই মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। বেলো জানান, তিনি দ্রুত কারাকাসে ছুটে গেছেন এবং বর্তমানে তাঁর মেয়ে ও মেয়ের খালা (স্ত্রীর বোন) হাসপাতালে চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত রয়েছেন।
বুধবারের এই ভয়াবহ দুর্যোগে আরও অনেক মৃত্যুর খবর আসছে এবং নিহতদের পরিচয় শনাক্ত করা হচ্ছে। ভেনেজুয়েলান ফুটবল ফেডারেশন (FVF) এবং সংশ্লিষ্ট ক্লাবগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, এই জোড়া ভূমিকম্পে দুই তরুণ ফুটবলারও প্রাণ হারিয়েছেন।
এর মধ্যে বিখ্যাত ‘কারাকাস ফুটবল ক্লাব’ নিশ্চিত করেছে যে, তাদের অনূর্ধ্ব-১৮ দলের প্রতিভাবান খেলোয়াড় রাজান সিজা লা গুয়াইরায় নিজ বাড়িতে পরিবারের অন্য সদস্যদের সাথে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন। ক্লাবটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক শোকবার্তায় লিখেছে, "তার আনন্দ, উৎসর্গ এবং খেলোয়াড়সুলভ মনোভাব আমাদের ক্লাবের প্রতিটি পদক্ষেপে আজীবন সঙ্গী হয়ে থাকবে।"
বর্তমানে রাজধানী কারাকাস ও লা গুয়াইরাসহ বিভিন্ন উপদ্রুত অঞ্চলে ৩ হাজারেরও বেশি আহত মানুষের চিকিৎসার পাশাপাশি ধ্বংসস্তূপের নিচে নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। সূত্র: বিবিসি
যুদ্ধ বন্ধে ইসরায়েল-লেবাননের মধ্যে চুক্তি সই
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০
ফের যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, হুমকিতে যুদ্ধবিরতি