মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির পর ইরানের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির বন্দর নগরী সিরিক এবং বন্দর আব্বাসসহ উপকূলীয় বিভিন্ন এলাকায় দফায় দফায় বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।
সবশেষ এই হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ এক পোস্টে লিখেছেন, "ইরান কর্তৃক গতকাল জাহাজে বোমা হামলার প্রতিশোধ হিসেবেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এমন ঘটনা আবারও ঘটলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।"
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক ক্রুদের ওপর ইরানের সাম্প্রতিক অন্যায় আগ্রাসনের জবাব দিতে এবং মুক্তভাবে নৌযান চলাচলের হুমকি রুখতেই এই হামলা চালানো হয়েছে।
ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্যমতে, বন্দর আব্বাসে অন্তত আটটি বিস্ফোরণ ঘটেছে। এছাড়া সিরিক, জাস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে বিরোধপূর্ণ আবু মুসা দ্বীপেও ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
অন্যদিকে চাবাহার ও কোনারাক এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মার্কিন এই হামলার পর ইরানের চাবাহার এলাকায় বিদ্যুৎ বিপর্যয় ঘটে এবং বুশেহরে অবস্থিত ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) একটি ব্যারাকে আগুন লাগার খবর পাওয়া গেছে।
এই হামলার পর মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোতেও উত্তেজনার পারদ চড়েছে। বাহরাইনের রাজধানী মানামায় বিস্ফোরণ, কুয়েত কর্তৃক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করা এবং কাতারে নিরাপত্তা সতর্কতা জারির খবর পাওয়া গেছে।
গত ১৭ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ১৪ দফার একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছিল, যার অধীনে ৬০ দিনের একটি যুদ্ধবিরতি ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা চলার কথা ছিল। কিন্তু গত মঙ্গলবার ও বুধবারের পাল্টাপাল্টি হামলার পর প্রেসিডেন্ট ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, "এই যুদ্ধবিরতি চুক্তি শেষ।"
তিনি ইরানকে উদ্দেশ্য করে চরম আপত্তিকর শব্দ ব্যবহার করে বলেন, "আমি তাদের সাথে আর কোনো চুক্তি বা আলোচনা করতে চাই না, এটি সময়ের অপচয়।"
ট্রাম্পের এমন বক্তব্যের জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, "আমরা অশ্লীলতার জবাব অশ্লীলতা দিয়ে দেব না, বরং সাহসিকতার সাথে অ্যাকশন বা কাজের মাধ্যমে জবাব দেব।"
ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এর আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন যে, যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার 'তাত্ক্ষণিক প্রতিক্রিয়া' দেখানো হবে।
সূত্র: বিবিসি
বেলুচিস্তানে চার দিনে সেনা সদস্যসহ নিহত ৯৬
মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও অবকাঠামোতে ইরানের হামলা
মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে যে কোনো সময় ইরানের হামলা