দায়িত্ব নেওয়ার মাত্র এক বছরের মাথায় পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কো।
মঙ্গলবার (১৪ জুলাই) দেশটির পার্লামেন্ট ৪০ বছর বয়সী এই অর্থনীতিবিদের পদত্যাগপত্র গ্রহণ করেছে। তবে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আকস্মিক এই রদবদলের কোনো স্পষ্ট কারণ ব্যাখ্যা না করায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন ইউক্রেনীয় আইনপ্রণেতারা।
পার্লামেন্টে বিদায়ী ভাষণে সাদা পোশাক পরিহিত সিভিরিদেঙ্কো বলেন, এই বছরের প্রতিটি দিনই কঠিন সিদ্ধান্ত এবং নিষ্পত্তিমূলক পদক্ষেপের দাবি রেখেছিল। আমার ওপর রাখা বিশ্বাস ও সমর্থনের জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ।
তিনি সতর্ক করে বলেন, নতুন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আসন্ন শীতের প্রস্তুতি নেওয়া। কারণ রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড এবং গ্যাস লাইনে হামলা আরও দ্বিগুণ করতে পারে।
সিভিরিদেঙ্কোর এক বছরের মেয়াদে ইউক্রেনের শীর্ষ পর্যায়ে বেশ কয়েকটি বড় দুর্নীতি কেলেঙ্কারি উন্মোচিত হয়। যদিও তিনি নিজে সরাসরি দুর্নীতিতে জড়িত ছিলেন না, তবুও সমালোচকদের দাবি—তিনি প্রশাসনকে দুর্নীতিমুক্ত করতে কঠোর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন।
বিরোধী দল হোলোস-এর সংসদ সদস্য ইয়ারোস্লাভ ঝেলেজনিয়াক ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের প্রতিদিন ফলাফলের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সরকার সেই প্রতিশ্রুতি রেখেছে—প্রতিদিন নতুন নতুন উপস্থাপনা, প্রতিদিন সম্মেলন এবং প্রতিদিন দুর্নীতির মামলায় একজন করে নতুন সন্দেহভাজন আমরা পেয়েছি।
ইউক্রেনীয় আইনপ্রণেতাদের ধারণা, দেশটির রাষ্ট্রীয় তেল ও গ্যাস কোম্পানি 'নাফতোগাজ'-এর প্রধান সের্হি কোরেতস্কি নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। আগামী বৃহস্পতিবার পার্লামেন্টে এই নিয়োগের বিষয়ে ভোট হতে পারে। এছাড়া প্রতিরক্ষামন্ত্রী মাইখাইলো ফেদোরভকেও পরিবর্তন করা হতে পারে বলে গুঞ্জন রয়েছে।
যুদ্ধকালীন সময়ে নির্বাচন স্থগিত থাকায় মন্ত্রীসভা পুনর্গঠনই জেলেনস্কির জন্য নতুনত্ব দেখানোর একমাত্র পথ। তবে কিয়েভের ইউরোপিয়ান পলিসি ইনস্টিটিউটের ফেলো লেসিয়া বিদোচকো বলেন, আসল পরীক্ষা এটি নয় যে জেলেনস্কি কাকে মন্ত্রী বানাচ্ছেন, বরং পরীক্ষা হলো—তিনি তাদের স্বাধীনভাবে কাজ করার জন্য পর্যাপ্ত ক্ষমতা দিচ্ছেন কি না। ক্ষমতার এই অতি-কেন্দ্রীকরণ যুদ্ধের শুরুতে কাজে দিলেও এখন তা অকার্যকর হয়ে পড়ছে।
সূত্র: রয়টার্স
‘হোয়াইট হাউসেই ট্রাম্পকে হত্যা করতে পারে ইরান’
সিরিয়া-লেবানন থেকে সেনা প্রত্যাহারে ট্রাম্পের চাপ
ডেটিং অ্যাপের ফাঁদ: ঘুমের ওষুধ খাইয়ে ১৪ নারীকে ধর্ষণ!