ব্রাজিলের কিছু পণ্যে নতুন ২৫ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ১২:১২ এএম

প্রায় এক বছর ধরে চলা তদন্ত শেষে ব্রাজিলের বাণিজ্য ও অন্যান্য নীতির পরিপ্রেক্ষিতে দেশটি থেকে আমদানি করা বিভিন্ন পণ্যের ওপর নতুন ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

 

যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সাংবাদিকদের জানান, নতুন এই ২৫ শতাংশ শুল্ক ২২ জুলাই থেকে কার্যকর হবে।

 

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

 

তবে গরুর গোশত, কফি এবং নির্দিষ্ট কিছু বিমাণের যন্ত্রাংশসহ কয়েকটি পণ্য এ শুল্কের আওতার বাইরে থাকবে।

 

এছাড়া যুক্তরাষ্ট্রে উৎপাদিত হয় না এমন কিছু পণ্যও শুল্কমুক্ত রাখা হয়েছে।

 

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এক বিবৃতিতে বলেন, ‘ব্রাজিলের অন্যায্য বাণিজ্যিক কর্মকাণ্ডের কারণে গুরুত্বপূর্ণ এই বাজারে যুক্তরাষ্ট্রের শ্রমিক ও উৎপাদকদের প্রবেশ বাধাগ্রস্ত হয়েছে।’

 

তিনি বলেন, ‘এই তদন্তে চিহ্নিত সমস্যাগুলোর দীর্ঘদিনের সমাধান নিশ্চিত করতে আমরা ব্রাজিলের সাথে আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত আছি।’

 

তদন্তের আগের পর্যায়ের এক প্রতিবেদনে বলা হয়, ব্রাজিলের কিছু নীতি ‘অযৌক্তিক বা বৈষম্যমূলক’ এবং সেগুলো যুক্তরাষ্ট্রের বাণিজ্যের জন্য বাধা সৃষ্টি করছে।

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তার অর্থনৈতিক কর্মসূচি পুনর্গঠন প্রচেষ্টার প্রেক্ষাপটে সাম্প্রতিক এ পদক্ষেপ নেয়া হলো। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের আরোপ করা বৈশ্বিক শুল্কের বড় একটি অংশ বাতিল করে দেয়।

 

ব্রাজিলের ওপর নতুন শুল্ক আরোপের ভিত্তি হিসেবে বাণিজ্য আইনের ৩০১ ধারা ব্যবহার করা হয়েছে। চলতি বছর একই আইনের আওতায় ট্রাম্প প্রশাসন আরো কয়েকটি তদন্ত শুরু করেছে।

 

এরই মধ্যে একটি তদন্তের ভিত্তিতে জোরপূর্বক শ্রম বন্ধে ব্যর্থতার অভিযোগে কয়েক ডজন বাণিজ্যিক অংশীদারের বিরুদ্ধে নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে মার্কিন কর্মকর্তারা।

 

ব্রাজিলের ক্ষেত্রে বুধবার যুক্তরাষ্ট্রের ওই জ্যেষ্ঠ কর্মকর্তা ডিজিটাল বাণিজ্যে ওয়াশিংটনের দৃষ্টিতে বিরূপ কিছু পদক্ষেপের পাশাপাশি রাষ্ট্রীয় মালিকানাধীন ইলেকট্রনিক পেমেন্ট ব্যবস্থা পিআইএক্স (পিক্স)-সংক্রান্ত ‘অন্যায্য’ প্রতিযোগিতার বিষয়েও অভিযোগ তোলেন।

 

তিনি বলেন, আলোচনা চালিয়ে যাওয়ার সুযোগ এখনো রয়েছে। তবে যুক্তরাষ্ট্র চায়, তাদের উদ্বেগের বিষয়গুলোর সমাধান হোক।

 

উদাহরণ হিসেবে তিনি বলেন, মেক্সিকো ও ভারতের মতো অংশীদার দেশগুলোকে ব্রাজিল যে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা দেয়, যুক্তরাষ্ট্রও সেই সুবিধা পেতে চায়।

 

তবে ৩০১ ধারার তদন্ত রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে-এমন সমালোচনা তিনি প্রত্যাখ্যান করেন।নির্বাচনী তথ্য

 

বুধবারের ঘোষণার পর ব্রাজিল পাল্টা কোনো ব্যবস্থা নেবে বলে ট্রাম্প প্রশাসন মনে করছে না। তবে এমন পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্র আরো পাল্টা ব্যবস্থা নিতে পারে বলে সতর্ক করা হয়েছে।

HN
আরও পড়ুন