৩ হাজার বছর পুরোনো মানব দেহাবশেষ উদ্ধার

আপডেট : ২২ জুলাই ২০২৬, ০১:১০ পিএম

মধ্য আমেরিকার দেশ এল সালভাদরে প্রায় ৩,০০০ বছরের পুরোনো একটি মানব দেহাবশেষ উদ্ধার করেছেন প্রত্নতাত্ত্বিকরা।

দেশটির সংস্কৃতি মন্ত্রণালয় এক ঘোষণায় নিশ্চিত করেছে যে, মঙ্গলবার (২১ জুলাই) কঙ্কালটি খনন করে বের করা হয়। খবর বার্তা সংস্থা এএফপি’র।

মন্ত্রণালয় জানায়, রাজধানী সান সালভাদরের সানপাড় এলাকা 'আলেক্সান্দ্রিয়া কুসকাতলানে' একটি সমাধিস্থলে গত ২ জুলাই প্রথম এই কঙ্কালের সন্ধান পাওয়া যায়। গবেষকদের ধারণা, উদ্ধার হওয়া এই মানবদেহাবশেষ প্রায় খ্রিস্টপূর্ব ৮৫০ অব্দের।

সমাধিখাতটিতে একটি সামুদ্রিক কচ্ছপের আকৃতির ছোট 'উসুলুতান-শৈলীর' সিরামিক পাত্র পাওয়া গেছে। এছাড়া বিভিন্ন সময়ে আগ্নেয়গিরির ছাইয়ের নিচে অক্ষত থেকে যাওয়া কাসাভা গাছের ডালপালার অবশিষ্টাংশও উদ্ধার করা হয়েছে। মুখ নিচের দিকে থাকা অবস্থায় উদ্ধার হওয়া এই কঙ্কালটির সঠিক বয়স জানতে রেডিওকার্বন ডেটিং এবং লিঙ্গ নির্ধারণের জন্য ডিএনএ পরীক্ষা করা হবে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের মতে, ১৯৭০-এর দশকে পশ্চিম এল সালভাদরের বিখ্যাত 'চালচুয়াপা' প্রত্নতাত্ত্বিক অঞ্চলে যে ধরনের গণকবর পাওয়া গিয়েছিল, এই স্থানটির সাথে তার বেশ মিল রয়েছে। চালচুয়াপায় তৎকালীন সময়ে গবেষকরা ৩৩ জনের দেহাবশেষ উদ্ধার করেছিলেন।

উল্লেখ্য, চালচুয়াপার সেই আবিষ্কারকে মেসোআমেরিকায় 'মানববলি' দেওয়ার সবচেয়ে প্রাচীন নিদর্শন হিসেবে গণ্য করা হয়। সেখানে পাওয়া ৩৩টির মধ্যে ২৬টি পূর্ণাঙ্গ কঙ্কাল, ৪টি আংশিক কঙ্কাল এবং ৩টি বিচ্ছিন্ন মাথার খুলি ছিল। উদ্ধার হওয়া অনেকের হাত-পা বাঁধা অবস্থায় মুখ নিচের দিকে করা ছিল এবং কিছুর মধ্যে অঙ্গচ্ছেদ ও শিরচ্ছেদের স্পষ্ট চিহ্ন পাওয়া গিয়েছিল।

YA
আরও পড়ুন