শান্তি চুক্তি ব্যর্থ : সীমান্ত ক্রসিং ও সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সিরিজ হামলা

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৮:০৫ এএম

ইরানের বিভিন্ন কৌশলগত ও সামরিক লক্ষ্যবস্তুতে আবারো নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে টানা ১১ দিনের মতো ইরানি ভূখণ্ডে অভিযান চালালো মার্কিন বাহিনী।

ইরানি সংবাদমাধ্যম ফার্স নিউজ নিশ্চিত করেছে, বৃহস্পতিবার সকালে বুশেহরের একটি সামরিক স্থাপনায় মিসাইল ছুড়েছে মার্কিন সেনারা। বুশেহরের উপ-গভর্নর জানান, একদিনেই এলাকাটিতে দুবার হামলার ঘটনা ঘটেছে।

বুশেহরে আঘাত হানার পরপরই খুজেস্তান প্রদেশের আন্দিমেস্ক শহরের উপকণ্ঠে নতুন করে মিসাইল হামলা চালায় মার্কিন বাহিনী। স্থানীয় প্রশাসনের বরাতে আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে ইরাক-ইরান সীমান্তের 'সালামচেহ' ক্রসিংয়ে মার্কিন হামলায় ২ জন নিহত এবং অন্তত ১১ জন আহত হন। হতাহতের ঘটনা ঘটলেও ত্রাণ কার্যক্রম সচল রাখতে সীমান্তটি এখনও খোলা রাখা হয়েছে।

চলতি মাসের শুরুতে সংঘাত এড়াতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে 'ইসলামাবাদ সমঝোতা স্মারক' স্বাক্ষরিত হয়েছিল। তবে সাম্প্রতিক এই হামলা ও টানাপোড়েনের কারণে সেই শান্তি চুক্তি এখন পুরোপুরি ভেস্তে গেছে।

মার্কিন অভিযানের জবাবে ইরানও বসে নেই; তারা উপসাগরীয় আরব দেশগুলোতে থাকা মার্কিন অবকাঠামোগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানো শুরু করেছে।

তথ্যসূত্র: ফার্স নিউজ ও তাসনিম নিউজ

HN
আরও পড়ুন