'বাংলাদেশ-ভারত সম্পর্ক ভালো থাকলে দুই দেশই লাভবান হবে'

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০২:৩৫ পিএম

বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী। দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হলে উভয় দেশের জন্যই তা ইতিবাচক ফল বয়ে আনবে বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ভারতীয় রাষ্ট্রদূত।

দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের মধ্যে বিভিন্ন ইস্যু থাকবেই। তবে এমন কোনো বিষয় নেই, যা বাংলাদেশ ও ভারত আলোচনায় বসে সমাধান করতে পারে না। পারস্পরিক আলোচনার মাধ্যমে এসব বিষয় নিষ্পত্তি করা সম্ভব বলে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে উল্লেখ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকে ‘পিপলস রিপ্রেজেন্টেটিভ টু পিপলস রিপ্রেজেন্টেটিভ’ হিসেবে উল্লেখ করে ভারতীয় রাষ্ট্রদূত বলেন, এটি তাঁর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রথম সাক্ষাৎ হলেও বৈঠকটি তাঁর কাছে একেবারেই নতুন মনে হয়নি। মন্ত্রীর আচরণ ও ব্যক্তিত্বের প্রশংসা করে তিনি তাঁকে ভালো, বিনয়ী ও সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ত একজন ব্যক্তি হিসেবে উল্লেখ করেন।

দুই দেশের সম্পর্ক প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ভালো থাকলে তা দুই দেশের জন্যই ‘উইন-উইন’ পরিস্থিতি তৈরি করবে। দুই দেশের সাধারণ মানুষও পারস্পরিক সম্পর্ক আরও ভালো দেখতে চায়।

তিনি বলেন, বাংলাদেশ ও ভারত শুধু সীমান্ত ভাগ করে নেয় না, তারা স্বপ্নও ভাগ করে নেয়। দুই দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক ও ভৌগোলিক বাস্তবতা পরিবর্তন করা সম্ভব নয়। তাই আগামী দিনে দুই দেশের সম্পর্ক আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে নির্দিষ্ট কোনো বিষয়ে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে সরাসরি উত্তর না দিয়ে রাষ্ট্রদূত দুই দেশের বিদ্যমান বিষয়গুলো পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধানের ওপর গুরুত্ব দেন।

বাংলাদেশে দায়িত্ব পালনের গত দুই মাসের অভিজ্ঞতা তুলে ধরে ভারতীয় রাষ্ট্রদূত বলেন, এ সময়ে তিনি সাধারণ মানুষের কাছ থেকে অনেক সম্মান, ভালোবাসা ও আতিথেয়তা পেয়েছেন।

এ ছাড়া দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে বৈঠক হলে তা সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক ফল বয়ে আনবে বলে আশা প্রকাশ করেন দীনেশ ত্রিবেদী। তাঁর মতে, বাংলাদেশ ও ভারতের সাধারণ মানুষ উভয়েই দুই দেশের সম্পর্ক আরও ভালো দেখতে চায়।

AM/YA
আরও পড়ুন