ইরানের পররাষ্ট্রমন্ত্রী

মানবাধিকার নিয়ে ইইউ-এর উপদেশ দেওয়ার নৈতিক অধিকার নেই

আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ০২:২০ এএম

মানবাধিকার ইস্যুতে ইরানের বিরুদ্ধে দেওয়া ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাম্প্রতিক বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।

তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, নিজেদের বিতর্কিত রেকর্ডের কারণে অন্য কোনো দেশকে মানবাধিকার শেখানোর মতো নৈতিক অবস্থান ইইউ-এর নেই।

গ্রিক পররাষ্ট্রমন্ত্রী গেয়র্গিওস গেরাপেত্রিতিসের সঙ্গে এক ফোনালাপে আরাকচি এই ক্ষোভ প্রকাশ করেন।

আলোচনার শুরুতেই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক অস্থিতিশীলতা এবং সমসাময়িক আন্তর্জাতিক বিষয়াবলী প্রাধান্য পায়।

আরাকচি উল্লেখ করেন, মার্কিন যুক্তরাষ্ট্র এখনো ইরানের বিরুদ্ধে অবৈধ ও আগ্রাসী পদক্ষেপ অব্যাহত রেখেছে, যা দেশের সার্বভৌমত্বের পরিপন্থী। তিনি সাফ জানিয়ে দেন, যেকোনো মূল্যে ইরানের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় তার সরকার সম্পূর্ণ দৃঢ়প্রতিজ্ঞ।

ফোনালাপে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে ওমানের সঙ্গে ইরানের আলোচনার অগ্রগতি তুলে ধরা হয়। এই কৌশলগত জলপথে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য মার্কিন ও ইসরায়েলি সামরিক তৎপরতাকে সরাসরি দায়ী করা হয়।

ইইউ-এর দ্বিমুখী নীতির সমালোচনা করে তিনি ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলি আগ্রাসনের প্রতি ইউরোপের নীরবতার কথা স্মরণ করিয়ে দেন। অন্যদিকে, গ্রিক পররাষ্ট্রমন্ত্রী গেরাপেত্রিতিস আঞ্চলিক উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টায় কারিগরি সহযোগিতার প্রস্তাব দেন এবং সম্পর্ক জোরদারে সম্মত হন।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

HN
আরও পড়ুন