কারাগারে কেমন আছেন ইমরান খান?

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ১২:৪০ পিএম

কারাগারের চার দেয়ালের ভেতর কেমন আছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, তা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে নানা জল্পনা-কল্পনা ও উদ্বেগ। বিশেষ করে, তার চোখের গুরুতর সমস্যা নিয়ে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থকদের মনে প্রশ্ন ছিল অনেক।

অবশেষে সুপ্রিম কোর্টে জমা দেওয়া রিপোর্টে সেই সব উদ্বেগের জবাব দিয়েছে আদিয়ালা জেল কর্তৃপক্ষ। তাদের দাবি, বিশেষায়িত চিকিৎসার পর ইমরান খানের চোখের দৃষ্টিশক্তি এখন ‘প্রায় স্বাভাবিক’ পর্যায়ে ফিরে এসেছে।

তবে কারা কর্তৃপক্ষের এই দাবি একবাক্যে উড়িয়ে দিয়েছে পিটিআই। ইমরান খানকে অবিলম্বে ব্যক্তিগত চিকিৎসকের তত্ত্বাবধানে শাফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের দাবিতে অনড় দলটি।

সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চে ইমরান খানের আবেদন শুনানির ঠিক আগের দিন আদালতকে এই রিপোর্ট পাঠায় জেল প্রশাসন। আবেদনে ইমরান খান ইসলামাবাদ হাসপাতালে চিকিৎসা, পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং ব্যক্তিগত চিকিৎসকদের দ্বারা স্বাস্থ্য পরীক্ষার অনুমতি চেয়েছিলেন।

জেল কর্তৃপক্ষের রিপোর্টে বলা হয়, ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে উপযুক্ত স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। দিনে তিনবার তাঁদের রক্তচাপ ও অন্যান্য লক্ষণ পরীক্ষা করা হয়। এছাড়া পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিমস)-এর বিশেষজ্ঞ ডাক্তাররা ইমরানের চোখের (সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন) চিকিৎসা করার পর দৃষ্টিশক্তির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

তবে রিপোর্টের সঙ্গে যুক্ত মেডিকেল রেকর্ডে দেখা গেছে, আগস্ট মাসের ১ ও ১০ তারিখের পরীক্ষায় ইমরান খান উচ্চ রক্তচাপ, বুক ধড়ফড় করা, মাথাব্যথা ও অস্থিরতার অভিযোগ করেছিলেন। চিকিৎসকদের মতে, পরিবার ও স্ত্রীর সাথে নিয়মিত দেখা করতে না পারায় তৈরি হওয়া মানসিক চাপের কারণেই এসব উপসর্গ দেখা দিয়েছে। ফলে তাঁকে সপ্তাহে স্ত্রীর সাথে নিয়মিত সাক্ষাৎ, পত্রিকা, টিভি ও প্রতিদিন ১ ঘণ্টা হাঁটার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

পিটিআই চেয়ারম্যান ব্যারেস্টার গহর খান ও কেন্দ্রীয় তথ্য সম্পাদক শেখ ওয়াকাস আকরাম জেল কর্তৃপক্ষের এই রিপোর্ট প্রত্যাখ্যান করে বলেন, এই রিপোর্টই প্রমাণ করে যে ইমরান খান কারাগারে মানসিক ও শারীরিকভাবে কষ্টে আছেন।

দলটির দাবি, সরকারি হাসপাতালের ওপর তাদের আস্থা নেই; অবিলম্বে ড. আসিম ইউসুফ ও ড. ফয়সাল সুলতানের মতো ব্যক্তিগত চিকিৎসকদের উপস্থিতিতে শাফা হাসপাতালে তাঁর পূর্ণাঙ্গ পরীক্ষা করা প্রয়োজন।

এদিকে বিষয়টি নিয়ে পাকিস্তান সিনেটেও তীব্র বিতর্ক তৈরি হয়েছে। বিরোধী দলগুলো ইমরান খানের সাথে দেখা করার জন্য একটি সংসদীয় প্রতিনিধি দল পাঠানোর দাবি জানিয়েছে।

তবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ ও আইনমন্ত্রী আজম নাজির তারার বিরোধীদের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, আদালত ও আইন অনুযায়ী ইমরান খানকে সব ধরনের উপযুক্ত চিকিৎসা এবং পরিবারকে সাক্ষাতের সুবিধা দেওয়া হচ্ছে।

সূত্র: পাকিস্তান টুডে

YA
আরও পড়ুন