কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০১:০৬ পিএম

কলকাতার নিউ মার্কেট এলাকায় একটি হোটেলে অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত নয়জন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রাথমিক প্রতিবেদনে নিহত সবাই বাংলাদেশি বলে উল্লেখ করা হলেও পরে প্রতিবেদনে সংশোধন করে বলা হচ্ছে, নিহতদের মধ্যে আটজন বাংলাদেশি এবং একজন ভারতীয় নাগরিক।

বুধবার (১৯ আগস্ট) ভোররাত ২টার দিকে কলকাতার নিউ মার্কেট এলাকার ফ্রি স্কুল স্ট্রিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় হোটেলের ভেতরে থাকা অনেকেই আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন।

ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, হোটেলটিতে প্রয়োজনীয় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না। উদ্ধার অভিযানে প্রায় ৬০ জনকে নিরাপদে বের করে আনা হয়। পরে হোটেলের ভেতর থেকে অচেতন অবস্থায় নয়জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে একজন ঝাড়খণ্ডের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়দের বরাতেও নিহত বাংলাদেশির সংখ্যা আটজন বলে জানা গেছে। তবে নিহতদের সবার পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হওয়ায় এ সংখ্যা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হোটেলের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। একটি এয়ার কন্ডিশনার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হলেও আগুনের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আগুন লাগার পর দ্রুত হোটেলের বিভিন্ন কক্ষে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং প্রাণ বাঁচাতে অনেকে ছোটাছুটি শুরু করেন। রাত ২টা ৭ মিনিটে ফায়ার সার্ভিসকে আগুনের খবর দেওয়া হয়। খবর পাওয়ার পর চারটি ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজ শুরু করে।

ঘন ধোঁয়ার কারণে উদ্ধারকাজে ব্যাপক সমস্যায় পড়তে হয় উদ্ধারকারীদের। বিশেষ করে সিঁড়ি দিয়ে ওপরের তলায় পৌঁছানো কঠিন হয়ে পড়ে। এক পুলিশ কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানান, এ ঘটনায় নয়জনের মৃত্যু হয়েছে। হোটেলের ভেতরে আরও কেউ আটকা পড়ে আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় কলকাতা পুলিশ মামলা করেছে। হোটেলটির মালিক ও কয়েকজন কর্মচারীকে খুঁজছে পুলিশ। ঘটনার পর তারা পালিয়ে গেছেন বলে জানা গেছে।


সূত্র: এনডিটিভি

MU
আরও পড়ুন