ফিলিস্তিনি সংকট নিরসনে কায়রোতে জরুরি বৈঠক

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০৬:১৩ এএম

ফিলিস্তিনি ভূখণ্ডের সার্বিক পরিস্থিতি ও সংকট মোকাবিলায় গৃহীত উদ্যোগগুলোকে সমন্বিত করতে মিশরের কায়রোতে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

মিশরের রাষ্ট্রীয় গণমাধ্যম আল-কাহেরা নিউজের তথ্যমতে, মিশরের জেনারেল ইন্টেলিজেন্স সার্ভিস প্রধান হাসান রাশাদের সাথে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন।

ফিলিস্তিনের ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল-শেখের নেতৃত্বে অনুষ্ঠিত এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ফিলিস্তিনি ন্যাশনাল কাউন্সিলের স্পিকার রাওহি ফাত্তুহ এবং ফিলিস্তিনি গোয়েন্দা প্রধান মাজেদ ফারাজ। 

বৈঠকে উপস্থিত সকল নেতৃবৃন্দ চলমান সংকট নিরসনে যৌথ পদক্ষেপ ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

আলোচনায় ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের সাম্প্রতিক পরিস্থিতি, উদ্ভূত কূটনৈতিক চ্যালেঞ্জ এবং আগামী দিনের ফিলিস্তিনি নির্বাচনী প্রক্রিয়া নিয়ে বিস্তারিত কথা বলেন দুই দেশের নীতি নির্ধারকরা।

এই বৈঠকের আগের দিন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি এবং হুসেইন আল-শেখের মধ্যে টেলিফোনে আলোচনা হয়। ওই আলাপে পূর্ব জেরুজালেমের বিতর্কিত ই-ওয়ান প্রকল্পসহ পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপনের আগ্রাসী তৎপরতা বন্ধের বিষয়টি প্রাধান্য পায়।

পাশাপাশি গত বছর হামাস ও ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত ১৫ দফা গাজা চুক্তি দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। 

সম্প্রতি পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের সহিংসতা তীব্র রূপ নেওয়ায় জাতিসংঘ একে অসহনীয় হিসেবে আখ্যা দিয়েছে, যার পরপরই এই তৎপরতা শুরু হলো।

তথ্যসূত্র : আল-জাজিরা ও আল-কাহেরা নিউজ 

HN
আরও পড়ুন