দ্বিতীয় বাংলাদেশি হিসেবে কানাডার পার্লামেন্টে তানভীর শাহনেওয়াজ

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পিএম

কানাডার ফেডারেল উপনির্বাচনে জয়ী হয়ে দেশটির পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশি-কানাডিয়ান তানভীর শাহনেওয়াজ। টরন্টোর বিচেস ইস্ট ইয়র্ক আসনে লিবারেল পার্টির প্রার্থী হিসেবে জয় পেয়েছেন তিনি।

সোমবার (৩১ আগস্ট) অনুষ্ঠিত উপনির্বাচনে তানভীর শাহনেওয়াজ পেয়েছেন ১৭ হাজার ২৫১ ভোট, যা মোট ভোটের ৫৫ দশমিক ৩ শতাংশ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এনডিপির শ্যানন ডিভাইন পেয়েছেন ৮ হাজার ১৫৯ ভোট বা ২৬ দশমিক ২ শতাংশ।

ইলেকশন কানাডার প্রকাশিত ফল অনুযায়ী, কনজারভেটিভ পার্টির জিম সিরবস পেয়েছেন ৪ হাজার ৮৫৭ ভোট বা ১৫ দশমিক ৬ শতাংশ। গ্রিন পার্টির ব্রুস লাইভসি পেয়েছেন ৫৩১ ভোট বা ১ দশমিক ৭ শতাংশ। পিপলস পার্টি অব কানাডার মিশেল লাশাঁস পেয়েছেন ২৪০ ভোট বা শূন্য দশমিক ৮ শতাংশ এবং কানাডিয়ান ফিউচার পার্টির ক্যামেরন থমাস পেয়েছেন ১৫৭ ভোট বা শূন্য দশমিক ৫ শতাংশ।

তানভীর শাহনেওয়াজের এই জয় তাঁর ব্যক্তিগত রাজনৈতিক সাফল্যের পাশাপাশি কানাডার বাংলাদেশি-কানাডিয়ান সম্প্রদায়ের জন্যও একটি গুরুত্বপূর্ণ অর্জন। দেশটির ফেডারেল পার্লামেন্টে বাংলাদেশি বংশোদ্ভূত নতুন একজন জনপ্রতিনিধির অভিষেক কানাডার বহুসাংস্কৃতিক রাজনৈতিক পরিসরে নতুন মাত্রা যোগ করেছে।

ক্রিসেন্ট টাউনে জন্ম ও বেড়ে ওঠা তানভীর শাহনেওয়াজ দীর্ঘদিন ধরে টরন্টোর স্থানীয় কমিউনিটির সঙ্গে যুক্ত। তিনি ইউনিভার্সিটি অব টরন্টো স্কারবরো থেকে রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেছেন। প্রায় এক দশক সাবেক এমপি নাথানিয়েল এরস্কিন-স্মিথের সঙ্গে কাজ করেছেন তিনি। এ সময় কনস্টিটুয়েন্সি অফিস ম্যানেজার এবং পরে স্পেশাল অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন।

তানভীর শাহনেওয়াজের নির্বাচিত হওয়াকে কানাডার রাজনীতিতে বাংলাদেশি-কানাডিয়ানদের অংশগ্রহণ বৃদ্ধির একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। অভিবাসী ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত নতুন প্রজন্মের রাজনৈতিক অংশগ্রহণ বাড়ার মধ্যেই তাঁর এই জয় এসেছে।

এর আগে আরেক বাংলাদেশি-কানাডিয়ান ডলি বেগম কানাডার পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছিলেন।

এদিকে আগামী ৩ সেপ্টেম্বর স্কারবরো সাউথওয়েস্ট আসনে প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে এমপিপি পদে লিবারেল পার্টির প্রার্থী আহসানুল হাকিম ও কনজারভেটিভ পার্টির প্রার্থী ডা. নূরুল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন এনডিপির প্রার্থী ফাতিমা শাবান।

এএম
আরও পড়ুন