রাশিয়া থেকে আরও ৫ ক্ষেপণাস্ত্র কিনছে ভারত

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ পিএম

রাশিয়ার কাছ থেকে আরও পাঁচটি এস-৪০০ কিনছে ভারত। দেশটির বিমানবাহিনীর সক্ষমতা বাড়াতে নতুন করে এসব দূরপাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, কিরগিজস্তানে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। বৈঠকে প্রতিরক্ষা ও জ্বালানিসহ দুই দেশের পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক উঠে আসে।

ভারতে এস-৪০০ ব্যবস্থা ‘সুদর্শন’ নামে পরিচিত। ভারতীয় কর্মকর্তাদের দাবি, ‘অপারেশন সিঁদুর’-এর সময় পাকিস্তানের বিরুদ্ধে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রায় ৪০০ কিলোমিটার পর্যন্ত পাল্লার এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের বিমান ও অন্যান্য আকাশযান মোকাবিলায় সক্ষম।

ওয়েস্টার্ন এয়ার কমান্ডের প্রধান এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্রের দাবি, এস-৪০০ ব্যবহার করে ৩১৪ কিলোমিটার দূরে থাকা পাকিস্তান বিমানবাহিনীর একটি নজরদারি বিমান ধ্বংস করা হয়েছিল। এটি এখন পর্যন্ত দীর্ঘতম পাল্লায় ক্ষেপণাস্ত্র আঘাতের রেকর্ড বলে উল্লেখ করেন তিনি।

২০১৮ সালে রাশিয়ার সঙ্গে করা চুক্তির আওতায় পাঁচটি এস-৪০০ ইউনিট কেনার কথা ছিল ভারতের। এর মধ্যে চারটি ইউনিট ইতোমধ্যে পেয়েছে দেশটি। পঞ্চম ইউনিটটি আগামী নভেম্বরের মধ্যে সরবরাহের কথা রয়েছে।

নতুন চুক্তি সই হলে পরবর্তী পাঁচটি ইউনিটের সরবরাহ তিন বছরের মধ্যে শুরু হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এস-৪০০-এর পাশাপাশি রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতার আরও কয়েকটি বিষয় নিয়েও আলোচনা চলছে। এর মধ্যে রয়েছে এস-৫০০ ‘প্রমিথিউস’ ব্যবস্থার যৌথ উৎপাদন, সুখোই-৫৭ই ‘ফেলন’ স্টেলথ যুদ্ধবিমান, কিলো-ক্লাস সাবমেরিন, ভোরোনেঝ কৌশলগত আগাম সতর্কীকরণ রাডার এবং ‘সুপার সুখোই’ এসইউ-৩০ যুদ্ধবিমানের আধুনিকায়ন।

সূত্র: এনডিটিভি

এমইউ
আরও পড়ুন