সন্তানদের পাসপোর্টে নতুন নিয়ম আনছে যুক্তরাষ্ট্র

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ পিএম

যুক্তরাষ্ট্রে শিশুদের পাসপোর্ট আবেদনের নিয়মে পরিবর্তন আনার প্রস্তাব করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর। নতুন প্রস্তাব কার্যকর হলে সন্তানের পাসপোর্টের জন্য আবেদন করার সময় বাবা-মা বা আইনগত অভিভাবকদের নিজেদের নাগরিকত্ব কিংবা অভিবাসন-সংক্রান্ত বৈধ অবস্থার প্রমাণ জমা দিতে হতে পারে।

বার্তা সংস্থা রয়টার্সের পর্যালোচনা করা মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটি খসড়া নির্দেশনায় এ প্রস্তাবের কথা উঠে এসেছে। তবে এটি এখনো চূড়ান্ত হয়নি এবং আদালতে চ্যালেঞ্জের মুখেও পড়তে পারে।

প্রস্তাব অনুযায়ী, সন্তানের পাসপোর্ট আবেদনের সঙ্গে অভিভাবকদের নিজেদের নাগরিকত্বের প্রমাণ হিসেবে বৈধ মার্কিন পাসপোর্ট বা জন্মসনদ জমা দিতে হতে পারে। আর মার্কিন নাগরিক না হলে বৈধ অভিবাসন অবস্থার প্রমাণ হিসেবে আই-৯৪ (I-94) ফর্ম অথবা স্থায়ী বসবাসের কার্ড বা গ্রিন কার্ডের মতো নথি দিতে হতে পারে।

বর্তমান ব্যবস্থায় যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুর পাসপোর্টের ক্ষেত্রে অভিভাবকদের মূলত সন্তানের সঙ্গে সম্পর্কের প্রমাণ এবং নিজেদের পরিচয়পত্র দেখাতে হয়। আবেদনপত্রে তারা মার্কিন নাগরিক কি না, সেটিও উল্লেখ করেন; তবে সাধারণভাবে এর সমর্থনে আলাদা নথি জমা দেওয়ার প্রয়োজন হয় না।

ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব নীতির সঙ্গে সম্পর্ক

প্রস্তাবিত পরিবর্তনটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার উদ্যোগের অংশ। ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে তথাকথিত ‘বার্থ ট্যুরিজম’—অর্থাৎ সন্তানকে জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব দেওয়ার উদ্দেশ্যে বিদেশিদের যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রবণতা—বন্ধ করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।

৬ আগস্ট স্বাক্ষরিত ট্রাম্পের নির্বাহী আদেশে কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুর স্বয়ংক্রিয় নাগরিকত্ব সীমিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত পাসপোর্ট নির্দেশনার মাধ্যমে পররাষ্ট্র দপ্তর সেই নীতির বাস্তবায়ন কীভাবে করা হবে, তার একটি কাঠামো তৈরি করতে চাইছে।

খসড়া নির্দেশনায় বলা হয়েছে, অভিভাবকদের নাগরিকত্ব বা অভিবাসন-সংক্রান্ত তথ্য ব্যবহার করে সরকার নির্ধারণ করবে, সংশ্লিষ্ট শিশু নতুন নির্বাহী আদেশের আওতায় পড়ে কি না।

তবে প্রস্তাবটি এমন সব পরিবারকেও অতিরিক্ত কাগজপত্রের মুখোমুখি করতে পারে, যারা বার্থ ট্যুরিজমের সঙ্গে জড়িত নয়। বিশেষ করে যুক্তরাষ্ট্রে বসবাসরত বিদেশি নাগরিক বা অভিবাসী পরিবারের সন্তানদের পাসপোর্ট আবেদনে নতুন নথিপত্রের প্রয়োজন হতে পারে।

আদালতে চ্যালেঞ্জ

ট্রাম্প প্রশাসনের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার উদ্যোগ এরই মধ্যে আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে। অভিবাসী অধিকারকর্মী ও আইনজীবীরা আদালতে এই নীতির বিরুদ্ধে মামলা করেছেন। ফলে প্রস্তাবিত পাসপোর্ট নির্দেশনা কার্যকর হওয়ার আগেই এর আইনি বৈধতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হতে পারে।

এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বর্তমান নির্দেশনায় পাসপোর্টের জন্য আবেদনকারীকে মার্কিন নাগরিকত্বের প্রমাণ দিতে হয়। যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া ব্যক্তিদের ক্ষেত্রে বৈধ জন্মসনদ বা পূর্ণ মেয়াদের মার্কিন পাসপোর্ট তার অন্যতম প্রধান প্রমাণ হিসেবে গ্রহণ করা হয়।

তবে নতুন প্রস্তাবটি এখনো চূড়ান্ত না হওয়ায় ঠিক কবে থেকে এবং কোন কোন আবেদনকারীর ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর হবে, তা স্পষ্ট নয়।

এমএজেড
আরও পড়ুন