যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতি সংখ্যা স্থায়ীভাবে ৯ জনে সীমাবদ্ধ রাখার লক্ষ্যে আনা একটি সংবিধান সংশোধনী প্রস্তাব পাস করতে ব্যর্থ হয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদ (হাউস অব রিপ্রেজেন্টেটিভস)।
গত বুধবার রিপাবলিকানদের উত্থাপিত এই যৌথ প্রস্তাবটির পক্ষে ২১২টি এবং বিপক্ষে ২০৬টি ভোট পড়ে। প্রতিনিধি পরিষদে সাধারণ আইন পাসের জন্য সাধারণ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হলেও সংবিধান সংশোধনীর ক্ষেত্রে অন্তত দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থনের বাধ্যবাধকতা রয়েছে। ফলে প্রয়োজনীয় ভোট না পাওয়ায় প্রস্তাবটি খারিজ হয়ে যায়।
নির্বাচনের মাত্র দুই মাস আগে ডেমোক্র্যাটদের কোণঠাসা করতেই রিপাবলিকানরা এই পদক্ষেপ নিয়েছিল বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রথম মেয়াদে তিন জন রক্ষণশীল বিচারপতি নিয়োগ দেওয়ার পর থেকে মার্কিন সুপ্রিম কোর্টে ৬-৩ ব্যবধানে ডেল্টা রক্ষণশীল সংখ্যাগরিষ্ঠতা তৈরি হয়। এরপর থেকেই অনেক ডেমোক্র্যাট সদস্য আদালতের ভারসাম্য ফেরাতে বিচারপতি সংখ্যা বাড়িয়ে ১৩ জনে উন্নীত করার (কোর্ট প্যাকিং) দাবি জানিয়ে আসছিলেন।
যুক্তরাষ্ট্রের সংবিধানে সুপ্রিম কোর্ট গঠনের কথা থাকলেও এর সদস্যসংখ্যা কত হবে তা নির্দিষ্ট করা নেই। ১৭৮৯ সালে ৬ জন বিচারপতি নিয়ে শুরু হলেও ১৮৬৯ সাল থেকে এটি ৯ জনে স্থির রয়েছে। প্রস্তাবটি পাসে ব্যর্থ হওয়ার পর হাউজ স্পিকার মাইক জনসন ডেমোক্র্যাটদের কঠোর সমালোচনা করে বলেন, সংবিধান রক্ষার শপথ নেওয়া কংগ্রেস সদস্যদের জন্য সুপ্রিম কোর্টের নিরপেক্ষতা বজায় রাখাটা বিতর্কের বিষয় হওয়া উচিত নয়।
অন্যদিকে ডেমোক্র্যাটদের দাবি, রিপাবলিকানরা আদালতকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছে।
সূত্র: আল-জাজিরা
হরমুজে জাহাজ চলাচলে ইরানের বিধিনিষেধ ‘অগ্রহণযোগ্য’: অস্ট্রেলিয়া
প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে বরখাস্তের দাবি মার্কিন সিনেটরের