বিশ্বের সবচেয়ে কম বয়সী রাজা হিসেবে মাত্র ৩ বছর বয়সে সিংহাসনে বসা উগান্ডার রাজা ওয়ো নিম্বা কাবাম্বা ইগুরু রুকিডি (৪)-এর মরদেহ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ২৭ আগস্ট ৩৪ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আগামী ১২ সেপ্টেম্বর তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
উগান্ডার পশ্চিমাঞ্চলের ঐতিহাসিক টুয়রো রাজ্যের এই রাজাকে উগান্ডা ও তাঁর রাজপরিবারের ঐতিহ্য অনুসারে সম্মান জানাতে এনতেবে আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন দেশটির প্রেসিডেন্ট ইওওয়েরি মুসেভেনি। বিমানবন্দরে প্রেসিডেন্ট মুসেভেনি জাতীয় ও রাজকীয় পতাকায় মোড়ানো কফিনে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
১৯৯৫ সালে মাত্র তিন বছর বয়সে বিশাল রাজমুকুট ও রাজকীয় পোশাক পরে পিচ্চি হাতে খেলনা নিয়ে ওয়ো নিম্বার সিংহাসনে বসার দৃশ্য বিশ্বজুড়ে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। বয়সে এত ছোট অবস্থায় দায়িত্ব নেওয়ায় তিনি দেশটির সাধারণ মানুষের মাঝে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন। যদিও উগান্ডা একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র, তবুও দেশটির প্রাচীন ঐতিহ্যবাহী রাজতন্ত্রগুলো এখনো বিশাল সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব বজায় রেখে চলেছে।
মৃত্যুকালে রাজা ওয়ো অবিবাহিত হলেও টুয়রো রাজ্যের প্রধানমন্ত্রী ক্যালভিন আর্মস্ট্রং জানিয়েছেন, তিনি উত্তরাধিকারী রেখে গেছেন এবং রাজতন্ত্রের ধারাবাহিকতা বজায় থাকবে। এইচআইভি ও এইডস-এর বিরুদ্ধে লড়াইয়ে জাতিসংঘের বিশেষ দূত হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা এই তরুণ রাজার অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে পুরো উগান্ডায়।
সূত্র: রয়টার্স
ঢাকায় কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নেবে ডিএমপি