মার্কিন অর্থনৈতিক চাপ 

ইরানিদের ঐক্যের আহ্বান পেজেশকিয়ানের

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপের মুখে দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

ইরানের ওপর নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ আরও বাড়িয়েছে ওয়াশিংটন। সর্বশেষ ৪ সেপ্টেম্বর তুরস্কের একটি বিনিয়োগ ব্যাংক ও এর দুটি সহযোগী প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় আনে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অভিযোগ, এসব প্রতিষ্ঠান ইরানের তেল আয়ের অর্থ স্থানান্তর ও আর্থিক লেনদেনে সহায়তা করেছে। এর আগে মার্কিন নিষেধাজ্ঞা ও তেল রপ্তানির ওপর অবরোধ ইরানের অর্থনীতিতে বড় ধরনের চাপ তৈরি করেছে। 

রয়টার্সের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, নিষেধাজ্ঞার কারণে ইরানের বাণিজ্য ৩৫ শতাংশ পর্যন্ত কমেছে এবং দেশটির মুদ্রা রিয়ালের ব্যাপক অবমূল্যায়ন ও মূল্যস্ফীতি পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। এই পরিস্থিতিতে পেজেশকিয়ান দেশের অভ্যন্তরীণ বিভাজন এড়িয়ে ঐক্য বজায় রাখার ওপর জোর দিয়েছেন। এর আগেও তিনি বলেছিলেন, ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ‘যুদ্ধক্ষেত্র’ এখন অর্থনীতি ও জনগণের জীবনযাত্রা।

ইরানের প্রেসিডেন্টের বক্তব্য এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপের পাশাপাশি অর্থনৈতিক চাপও জোরদার করছে। মার্কিন প্রশাসনের এই কৌশলের লক্ষ্য ইরানের ওপর চাপ বাড়িয়ে দেশটিকে ভবিষ্যৎ আলোচনায় আরও ছাড় দিতে বাধ্য করা। তবে তেহরান এখনো মার্কিন চাপের কাছে নতি স্বীকার না করার অবস্থানেই রয়েছে। পেজেশকিয়ান এর আগে বলেছিলেন, অর্থনৈতিক চাপ প্রয়োগ করে যুক্তরাষ্ট্র কোনো লক্ষ্য অর্জন করতে পারবে না।

এদিকে অর্থনৈতিক সংকটের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনাও অব্যাহত রয়েছে। ফলে নিষেধাজ্ঞা, তেল রপ্তানি ও আঞ্চলিক সংঘাত সব মিলিয়ে ইরানের সামনে অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ আরও বাড়ছে।

জেএম
আরও পড়ুন