এল নিনো

পানামা খালে জাহাজ চলাচল আরও কমানোর আশঙ্কা

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ এএম

পানামা খালে বাণিজ্যিক জাহাজ চলাচলের সংখ্যা আরও কমানোর পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। জলবায়ুগত পরিবর্তন ‘এল নিনো’ তীব্র আকার ধারণ করায় জলপথটিতে দেখা দিয়েছে সুপেয় পানির চরম সংকট। বিশ্বের অন্যতম প্রধান এই সামুদ্রিক বাণিজ্যিক রুটে জাহাজ চলাচল স্বাভাবিক রাখা নিয়ে আন্তর্জাতিক বাণিজ্য মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

পানামা খাল কর্তৃপক্ষের নতুন নিযুক্ত প্রধান ইলিয়া এস্পিনো দে মারোত্তা জানান, খালের পানির স্তর অব্যাহতভাবে কমতে থাকলে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরও কড়া করা হতে পারে। গত ২৬ আগস্ট সরকার আনুষ্ঠানিকভাবে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে।

বিশ্ব বাণিজ্যের প্রায় ৫ শতাংশ পরিবাহিত হওয়া এই খালে প্রতিদিন গড়ে ৩৬টি জাহাজ চলাচলের সুযোগ থাকলেও ইতিমধ্যেই তা কমিয়ে ৩৪টিতে আনা হয়েছে। সেপ্টেম্বর মাসের মাঝামাঝি থেকে এই সীমা কমিয়ে ৩২টি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে পরিস্থিতির ওপর ভিত্তি করে এটি ২৯টিতে নেমে আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন প্রধান কর্মকর্তা।

৮০ কিলোমিটার দীর্ঘ পানামা খাল পরিচালনা করতে বিশাল পরিমাণ স্বাদু পানির প্রয়োজন হয়। কৃত্রিম গাতুন ও আলাহুয়েলা হ্রদ থেকে এই পানি সরবরাহ করা হয়, যা সম্পূর্ণভাবে বৃষ্টিপাতের ওপর নির্ভরশীল। প্রতিটি জাহাজ পারাপারে গড়ে প্রায় ২০ কোটি লিটার পানি প্রয়োজন হয়।

অন্যদিকে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্য ব্যাহত হওয়ায় পানামা খালের গুরুত্ব বহুগুণ বেড়ে গেছে। দীর্ঘমেয়াদী সমাধানের অংশ হিসেবে ‘রিও ইন্দিও’ নদীতে ১.৫ বিলিয়ন ডলার ব্যয়ে একটি নতুন জলাধার নির্মাণের কাজ হাতে নেওয়া হলেও তা সম্পন্ন হতে প্রায় ৫ থেকে ৬ বছর সময় লাগবে।

সূত্র: আল-জাজিরা

এমইউ
আরও পড়ুন