ইয়েমেনে নতুন সংঘাতে গৃহহীন সাড়ে ১৮ হাজার মানুষ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পিএম

ইয়েমেনের তাইজ ও হোদেইদাহ প্রশাসনিক অঞ্চলে নতুন করে শুরু হওয়া সংঘর্ষে গত ৩ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত প্রায় ১৮,৫০০ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এক বিবৃতিতে এই সতর্কবার্তা দিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, পশ্চিম উপকূল এবং দক্ষিণ তাইজের আল-মাখা, হাইস, মাওজা, আল-মাফারের এবং জাবাল হাবাশির মতো শহরগুলোতে একযোগে হাজার হাজার মানুষ আশ্রয় নেওয়ায় স্থানীয় সম্পদের ওপর প্রচণ্ড চাপ তৈরি হয়েছে। আশ্রয়কেন্দ্র ও স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা এরই মধ্যে সীমা ছাড়িয়ে গেছে।

ইয়েমেনে আইওএম-এর মিশন প্রধান আব্দুসাত্তোর এসোয়েভ বলেন, পরিবারগুলো সবকিছু হারিয়ে নিঃস্ব অবস্থায় আসছে—তাদের কাছে না আছে মাথার ওপর ছাদ, না আছে কোনো খাবার। এমনকি নিজেদের ঘরে ফেরা আর কোনোদিন নিরাপদ হবে কি না, তা-ও তারা জানে না।

তিনি আরও বলেন, এদের মধ্যে অনেকেই এর আগে দুই, তিন এমনকি চারবার বাস্তুচ্যুত হয়েছেন। প্রতিবার সংঘাত শুরু হলেই তাদের একটু একটু করে গড়ে তোলা শেষ আশ্রয়টুকুও ধ্বংস হয়ে যায়।

চলমান সংঘর্ষ ও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে ত্রাণ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একইসঙ্গে সাম্প্রতিক বন্যার কারণে জরুরি খাদ্য ও আশ্রয়ের মজুতও প্রায় শেষ হয়ে গেছে বলে জানিয়েছে সংস্থাটি। 

উদ্ভূত পরিস্থিতিতে আন্তর্জাতিক দাতাদের অবিলম্বে জরুরি অর্থায়নের আহ্বান জানানোর পাশাপাশি যুদ্ধরত পক্ষগুলোকে সাধারণ মানুষের নিরাপদ প্রস্থান ও ত্রাণ পৌঁছানোর পথ নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে আইওএম।

সূত্র: আল-জাজিরা

ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত