জনপ্রিয় ব্রিটিশ কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘দ্য ইনবিটুইনার্স’-এর তৃতীয় সিনেমার নির্মাণকাজ শুরু করেছে নেটফ্লিক্স। যুক্তরাজ্যে এর শুটিং শুরু হয়েছে। নতুন সিনেমাটিতে আগের দুই ছবির মতোই মূল চার অভিনেতাকে দেখা যাবে।
সাইমন বার্ড, জেমস বাকলি, ব্লেক হ্যারিসন ও জো থমাস যথাক্রমে উইল ম্যাকেঞ্জি, জে কার্টরাইট, নিল সাদারল্যান্ড ও সাইমন কুপারের চরিত্রে ফিরছেন।
নেটফ্লিক্স জানিয়েছে, নতুন ছবিটি মূল টেলিভিশন সিরিজ এবং এর আগের দুটি সিনেমার ধারাবাহিকতা হিসেবে নির্মিত হচ্ছে। তবে এখনো সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি।
নতুন কিস্তিতে ফিরছেন সিরিজটির নির্মাতা ড্যামন বিসলি ও ইয়ান মরিস। তাঁরা একই সঙ্গে সিনেমাটির লেখক ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ছবিটির প্রযোজনায় রয়েছেন ক্লেয়ার জোন্স, সঙ্গে রয়েছেন বানিজয়ের প্যাট্রিক হল্যান্ড এবং ফাজ পার্ক প্রোডাকশনের মার্ক লেসবিরেল। Screen Daily-এর প্রতিবেদনে বলা হয়েছে, ছবিটির নির্মাণে Film4-ও সহায়তা করছে।
২০০৮ সালে টেলিভিশন সিরিজ হিসেবে যাত্রা শুরু করা ‘দ্য ইনবিটুইনার্স’ তরুণদের জীবন, বন্ধুত্ব ও হাস্যকর নানা পরিস্থিতিকে কেন্দ্র করে ব্যাপক জনপ্রিয়তা পায়। পরে ২০১১ ও ২০১৪ সালে মুক্তি পায় এর প্রথম ও দ্বিতীয় সিনেমা। প্রায় এক যুগ পর মূল চার চরিত্রকে নিয়ে তৃতীয় সিনেমার নির্মাণ শুরু হওয়ায় ভক্তদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিকের তুলনায় অর্ধেকেরও কম
তেলবাহী ট্যাংকার ধ্বংসের জবাবে মার্কিন মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলা