জাতিসংঘের নতুন মানচিত্রে ‘অসঙ্গতি’, আপত্তি ভারতের

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ এএম

জাতিসংঘের নতুন প্রকাশিত বিশ্ব মানচিত্রে অরুণাচল প্রদেশ ও আকসাই চিনকে ভারত ও চীনের পৃথক ‘দাবিরেখার’ মধ্যবর্তী অঞ্চল হিসেবে দেখানো হয়েছে। এ নিয়ে আপত্তি জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় (MEA) বিষয়টিকে ‘অসঙ্গতি’ হিসেবে চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি তুলেছে।

ভারতের অবস্থান হলো, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং আকসাই চিনও ভারতের লাদাখের অংশ। নতুন মানচিত্রে এসব অঞ্চলকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা ভারতের সরকারি অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

বিষয়টি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ মাত্র কয়েক দিন আগে ভারত জাতিসংঘ সাধারণ পরিষদের একটি নতুন বিশ্বমানচিত্র-সংক্রান্ত প্রস্তাবে সমর্থন জানিয়েছিল। ওই প্রস্তাবের লক্ষ্য ছিল বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক আয়তনকে আরও ভারসাম্যপূর্ণভাবে তুলে ধরতে equal-area map projection ব্যবহারের প্রচার। তবে ভারত স্পষ্ট করেছে, প্রস্তাবটিতে সমর্থন দেওয়া কোনো নির্দিষ্ট মানচিত্র বা সীমান্ত-উপস্থাপনাকে অনুমোদন করার অর্থ নয়।

নতুন মানচিত্রে জম্মু-কাশ্মীরের ক্ষেত্রেও ভারত ও পাকিস্তানের নিয়ন্ত্রণরেখা (LoC) একটি বিন্দুযুক্ত রেখায় দেখানো হয়েছে এবং মানচিত্রের ব্যাখ্যায় বলা হয়েছে, জম্মু-কাশ্মীরের চূড়ান্ত অবস্থান নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে এখনো সমঝোতা হয়নি।

অরুণাচল প্রদেশ ও আকসাই চিন নিয়ে ভারত-চীন সীমান্ত বিরোধ দীর্ঘদিনের। ফলে জাতিসংঘের মানচিত্রে এসব অঞ্চলের উপস্থাপনাকে ঘিরে ভারতের আপত্তি নয়াদিল্লি-বেইজিং সীমান্ত বিরোধের কূটনৈতিক সংবেদনশীলতাকে আবারও সামনে এনেছে।

ওয়াইএ
আরও পড়ুন